ETV Bharat / state

ছাগলের টোপে অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তির নিঃশ্বাস চা-শ্রমিকদের

রবিবার বৈকুন্ঠপুর বনবিভাগের পক্ষ থেকে দুটি খাঁচা পাতা হয়েছিল । সোমবার ভাণ্ডিগুড়ি চা-বাগানে একটি খাঁচায় চিতাবাঘ ধরা পড়ে ।

Leopard in tea garden
ছাগলের টোপে অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 11, 2025 at 1:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 11 অগস্ট: ছাগল খেতে এসে অবশেষে খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক চিতাবাঘ । জলপাইগুড়ির ভাণ্ডিগুড়ি চা-বাগানে এক মাস ধরে শ্রমিকদের উপর চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটে আসছিল । সোমবার পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে বন দফতর ধরতে সফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন চা-শ্রমিকরা । যদিও অনেকে মনে করছেন আরও চিতাবাঘ জঙ্গলে থাকতে পারে ।

চা-শ্রমিকদের তরফে জানা গিয়েছে, ভাণ্ডিগুড়ি চা-বাগানে বেশকিছু দিন আগে একটি চিতাবাঘকে দেখতে পান শ্রমিকরা । এর আগে এই চা-বাগানের এক শ্রমিককে চিতাবাঘ আক্রমণ করে । গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চিকিৎসাধীন । এরপর চিতাবাঘটিকে ধরতে রবিবার বিকেলে ভাণ্ডিগুড়ি চা-বাগানের 16 নম্বর এবং 13 নম্বর সেকশনে বৈকুন্ঠপুর বনবিভাগের পক্ষ থেকে দুটি খাঁচা পাতা হয় ।

ছাগলের টোপে খাঁচায় চিতাবাঘ (নিজস্ব ভিডিয়ো)

সোমবার সকালে চা-শ্রমিকরা দেখতে পান, একটি খাঁচায় বন্দি হয়েছে এক পূর্ণবয়স্ক চিতাবাঘ । খবর দেওয়া হয় বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীদের ৷ বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান । শ্রমিকদের অনুমান, চিতাবাঘটি বৈকুন্ঠপুর জঙ্গল থেকে চা-বাগানে ঢুকেছিল । এদিকে খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় ভাণ্ডিগুড়ি চা-বাগানে । লোক দেখে গর্জন করতে থাকে চিতাবাঘটি ৷

Leopard in tea garden
চিতাবাঘ দেখতে ভিড় ভাণ্ডিগুড়ি চা বাগানে (নিজস্ব ছবি)

চা-বাগানের শ্রমিক বিনোদ মুণ্ডা ও অমল নায়েক বলেন, "গতকাল চা-বাগানে দুটি খাঁচা পাতা হয়েছিল । আজ ভাণ্ডিগুড়ি চা-বাগানে একটি খাঁচায় চিতাবাঘ ধরা পড়ে । কয়েক দিন ধরেই চিতাবাঘের দেখা পাওয়া মিলছিল চা-বাগানে । সোমবার বন বিভাগ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় । বাগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল । দেড় মাস আগে চিতাবাঘ আক্রমণ করেছিল এক চা-শ্রমিককে ।"

এই বিষয়ে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবার রেঞ্জার চিরঞ্জিত পাল বলেন, "একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়েছে । চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।"