ETV Bharat / state

শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী বাম-কংগ্রেস জোট, শূন্য পেল তৃণমূল

গত বুধবার 16টি আসনে ভোট হয় ৷ সব ক’টিতেই জয়ী বাম-কংগ্রেস জোট প্রার্থীরা ৷ প্রভাব ফেলতে পারেনি বিজেপিপন্থীরাও ৷

SILIGURI BAR ASSOCIATION POLLS
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী বাম-কংগ্রেস জোট (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 4:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 2 মে: উলটপুরাণ ! শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । একই ভাবে দাগ কাটতে পারেননি বিজেপিপন্থী আইনজীবীরাও । বারের নির্বাচনে সবকটি আসনেই জয়ী হয়েছেন কংগ্রেস ও বামপন্থী আইনজীবী সংগঠনের জোট প্রার্থীরা । গতবারের থেকেও এবার আইনজীবীদের লড়াইয়ে তৃণমূলের ফল খারাপ হয়েছে বলে জানা গিয়েছে ।

গত বুধবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় । 16টি পদে মোট 46 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । ভোটাধিকার প্রয়োগ করেন 1496 জন আইনজীবী । আর 16টি পদেই জয়লাভ করেছে বাম-কংগ্রেস জোট । গত বার ছ’টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও এবার ধারে কাছে যেতে পারেননি তারা ।

শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী বাম-কংগ্রেস জোট, শূন্য পেল তৃণমূল (ইটিভি ভারত)

যদিও আইনজীবীদের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে সংগঠন কাজ করবে বলে বিজয়ী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন । তবে এই জয়ে বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পাবে বাম-কংগ্রেস জোট, এমনটাই মনে করছে রাজনৈতিকমহল ।

বাম-কংগ্রেস জোটের আইনজীবী দিবাকর রায় বলেন, "এই জয় জোটের জয় । রাজ্যে যে অরাজকতা চলছে, তার একটা প্রতিফলন এই বারের নির্বাচনে হয়েছে । ফলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু’জনেরই প্রার্থীরা পর্যুদস্ত হয়েছে ।"

দার্জিলিং জেলা লিগ্যাল সেলের আইনজীবী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অত্রি দেব শর্মা বলেন, "বারের নির্বাচনে কোনোদিন কোনও রাজনৈতিক দলের প্রতিফলন হয়নি । যারা এসব বলছে, তারা ভুল বলছে । তবে আমরা কিছুটা আইনজীবীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম দেখেই এই ফল হয়েছে ।"

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ-সভাপতি নান্টু পাল বলেন, "বিজেপির ভোট কমেনি । উলটে 200 শতাংশ বেড়েছে । আমরা প্রচারের সময়টা কম পেয়েছি ।"

বার অ্যাসোসিয়েশনের 16টি আসনের মধ্যে সভাপতি, সহকারি সম্পাদক, কোষাধ্যক্ষ, লাইব্রেরিয়ান ও সাতজন কার্যকরী কমিটির সদস্য কংগ্রেস থেকে জয় লাভ করেছে । অন্যদিকে, সহ-সভাপতি, সম্পাদক, সহকারি সম্পাদক, দু’জন কার্যকরী কমিটির সদস্য বামেরা জয়লাভ করেছে ।"