ETV Bharat / state

সিএবি-র কাছে রামনবমীতে ইডেনে ম্যাচের দিন পরিবর্তনের আর্জি লালবাজারের

2024 সালেও ইডেন গার্ডেন্সে রামনবমীর দিন পড়েছিল আইপিএল ম্যাচ ৷ সেই ম্যাচ লালবাজারের অনুরোধে একদিন এগিয়ে এনেছিল সিএবি ৷ এবার কি তাই হবে ?

Eden gardens
ইডেন গার্ডেন্স (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 5:56 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: পিছতে পারে 6 এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ৷ আইপিএলের ওই ম‍্যাচ অন্যদিন করার আবেদন জানিয়ে বুধবার সিএবিকে চিঠি দিল লালবাজার ৷ কারণ, ওই একইদিনে পড়েছে রামনবমী ৷

এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল পদের একজন আধিকারিক বলেন, "রামনবমীর জন্য সেদিন ইডেনে পুলিশ দেওয়া সম্ভব নয় । তাই ওইদিনের ম্যাচ অন্যদিন করার অনুরোধ করা হয়েছে ৷"

তবে এই ঘটনা নতুন নয়, 2024 সালেও একই ঘটনা ঘটেছিল ৷ লালবাজার সূত্রে খবর, আগের বছরও রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে আইপিএলের খেলা পড়েছিল ৷ সেই ম্যাচকেও অন্যদিন করার অনুরোধ জানানো হয়েছিল লালাবাজারের তরফে । সেবার কলকাতা পুলিশের অনুরোধে সাড়া দিয়ে খেলার দিন পরিবর্তন করেছিল সিএবি ৷ 17 এপ্রিলের বদলে একদিন আগেই কলকাতায় হয় সেই ম্যাচ ৷ যেখানে কেকেআর মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের ৷

প্রসঙ্গত, গত কয়েক বছরে কলকাতা তথা বাংলায় রামনবমী পালন অনেক বেশি হচ্ছে ৷ পাশাপাশি কলকাতা-সহ বিভিন্ন জায়গায় অশান্তিও ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে ৷ যেমন, কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন রিষড়া, কোন্নগর ও উত্তরপাড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয় । সেই গন্ডগোল সামলাতে কালঘাম ছুটেছিল রাজ্য পুলিশের । রামনবমীকে কেন্দ্র করে এবার শহরে যাতে আর কোনোরকমের আইনশৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ । তাই তারা আগেভাগেই ক্রিকেটের নন্দন কানন থেকে ম্যাচ সরিয়ে নেওয়া অনুরোধ করেছে সিএবি-কে ৷

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি রাজ্য পুলিশের হাতে তথ্য এসেছে যে এ বছরের রামনবমী হবে দেখার মতো । প্রচুর মানুষ জমায়েত হবেন বিভিন্ন জায়গায় । ফলে এই রামনবমীকে কেন্দ্র করে কাছে কোনোরকমের গন্ডগোল না হয়, তাই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক বৈঠক করা হয়েছে । একটি অনুষ্ঠানে গিয়ে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা বলেন, "এ বছরে রামনবমীতে সবদিক থেকে আমরা তৎপর রয়েছি ৷"

আইপিএল ক্রীড়াসূচি অনুসারে 6 তারিখ বেলা 3টা থেকে কেকেআর বনাম এলএসজি ম্যাচ রয়েছে ইডেনে ৷ আগেরবারগুলির মতো এবারও সিএবি যদি লালবাজারের অনুরোধ মেনে নেয় তাহলে সেই ম্যাচ অন্যত্র সরতে চলেছে । তবে সেই ম্যাচ কোথায় এবং কবে হবে, সেই বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি । শুধু আইপিএল নয়, এর আগেও আইনশৃঙ্খলার সমস্যায় একাধিক ম্যাচ বাতিল হয়েছে বা অন্যত্র সরেছে কলকাতা থেকে ।

উল্লেখ্য, ইডেন গার্ডেন্স হল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ৷ গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল ৷ তাই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা হবে কলকাতা থেকেই ৷ 22 মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে কেকেআর ৷ সন্ধে সাড়ে 7টা থেকে রয়েছে ম্যাচ ৷