ETV Bharat / state

ভাঙড়ে তৃণমূল নেতা খুনে আঁততায়ীদের স্কেচ করাচ্ছে লালবাজার, আটক 2 প্রতিবেশী

ভাঙড়ে তৃণমূল নেতা খুনে দুই প্রতিবেশীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ নিহত রজ্জাক খানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা ৷

BHANGAR TMC LEADER MURDER CASE
লালবাজার ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 6:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 জুলাই: ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি ও কুপিয়ে খুনের ঘটনায় এবার আততায়ীদের স্কেচ তৈরি করাচ্ছে লালবাজার ৷ অন্যদিকে, তদন্তে নেমে কলকাতা পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার সময় তৃণমূল নেতা রজ্জাক খানের সঙ্গে তাঁর দুই প্রতিবেশী ছিলেন ৷ এমনকি তাঁকে ফোন করে বাড়ি থেকে ডাকা হয়েছিল বলে লালবাজার সূত্রে খবর ৷

আর এখানেই গোয়েন্দাদের প্রশ্ন, তাহলে কি রজ্জাক খান খুনে তাঁর দুই প্রতিবেশী জড়িত রয়েছেন ? এই ঘটনায় তদন্তকারীরা ওই দুই প্রতিবেশীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ৷ আটক দুই প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য রেকর্ড করা হচ্ছে ৷ পাশাপাশি, রজ্জাকের একটি ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ঘটনার দিন কার-কার সঙ্গে কথা বলেছিলেন নিহত তৃণমূল নেতা, কোন-কোন নম্বর থেকে তাঁর কাছে ফোন এসেছিল, সেই সব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের আশেপাশের দোকানদার এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ করছে ৷ তাঁদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের স্কেচ তৈরি করছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা ৷

উল্লেখ্য, গত পরশুদিন উত্তর কাশিপুর থানা এলাকায় তৃণমূল নেতা রেজ্জাক খানকে খুন করা হয় ৷ অভিযোগ, যখন বাইকে করে তিনি যাচ্ছিলেন ঠিক সেই সময় চার থেকে পাঁচ জন দুষ্কৃতী তাঁর সামনে এসে দাঁড়ায় এবং এলোপাথাড়ি গুলি চালায় ৷ প্রায় চার রাউন্ড গুলি চলে বলে অনুমান তদন্তকারীদের ৷ গুলিতে আহত হয়ে যখন তিনি রাস্তায় লুটিয়ে পড়েন, সেই সময় ধারাল অস্ত্র দিয়ে রজ্জাককে কোপায় দুষ্কৃতীরা ৷

তবে, এই ঘটনার 48 ঘণ্টা পার হতে চললেও, এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ শুক্রবার রাতেই কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা ঘটনাস্থলে এসেছিলেন ৷ তাঁর সঙ্গে আসেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ৷ ঘটনার দিন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, "পুলিশ এই ঘটনার তদন্তে নেমে আঁততায়ীদের গ্রেফতার করতে যথাসাধ্য চেষ্টা করছে ৷"