পুলিশি তৎপরতায় কোচবিহার থেকে উদ্ধার অসমের দিনমজুর
অসম থেকে এক ব্যক্তিকে অপহরণ করে কোচবিহারের কোতোয়ালিতে এনে লুকিয়ে রাখা হয়েছিল ৷ অভিযোগের কয়েকঘণ্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ ৷

Published : March 19, 2025 at 8:42 PM IST
|Updated : March 19, 2025 at 9:06 PM IST
কোচবিহার, 19 মার্চ: প্রতিবেশী রাজ্য অসম থেকে এক ব্যক্তিকে অপহরণ করে কোচবিহারে নিয়ে আসা হয় ৷ অপহৃতের পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে অপহরণকারীরা ৷ এদিকে এই অভিযোগ পেয়ে তড়িঘড়ি অভিযানে নামে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ৷ কয়েকঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় অসমের বাসিন্দা বিশ্বজিৎ সরকারকে ৷
কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "গত 18 তারিখ আমাদের কাছে অভিযোগ আসে। তা থেকে জানতে পারি, 16 তারিখ অসমের গোলকগঞ্জ থেকে এক ব্যক্তিকে অপহরণ করে এখানে এনে রাখা হয়েছে ৷ আমাদের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা সেই ব্যক্তিকে উদ্ধার করি ৷ দু'জন অপহরণকারীকেও গ্রেফতার করি ৷"
তিনি আরও জানান, অপহরণকারীরা এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল ৷ পুলিশ আধিকারিক বলেন, "বাড়ির লোকজন ষোলো হাজার টাকা ট্রান্সফার করেও দিয়েছিল ৷ আমরা ওই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে পারি ৷ দুই অপহরণকারী মুকুল পোদ্দার ও রামকৃষ্ণ ভৌমিককে গ্রেফতার করেছি ৷ মুকুল ধুবড়ির বাসিন্দা ৷ অপরদিকে রামকৃষ্ণ কোচবিহারের কোতোয়ালি থানা এলাকায় থাকে ৷ বর্তমানে দু'জনেই পুলিশ হেফাজতে রয়েছে ৷"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণ হওয়া বছর সাতাশের বিশ্বজিৎ সরকারের বাড়ি অসমের গোলকগঞ্জ এলাকায় ৷ তিনি অসমের শিলচরে দিনমজুরের কাজ করেন ৷ তাঁকে ভয় দেখিয়ে অপহরণ করে অভিযুক্ত দুই ব্যক্তি ৷ তাঁর পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করেছিল ৷ এমতাবস্থায় বিশ্বজিতের পরিবার অপহরণকারীদের 16 হাজার টাকা দিয়েও দিয়েছিল ৷ পরে তারা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ অভিযানে নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷ এদিন অপহৃত ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, 18 মার্চ রাতে কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর আসে অসমের গোলকগঞ্জ থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে । এরপরই অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ ৷ অভিযানে নেমে কয়েক ঘণ্টার মধ্যে কোচবিহার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷

