আগামী সপ্তাহেই কি রাজ্য থেকে বর্ষার বিদায় ? কী জানাল হাওয়া অফিস
আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা-সহ রাজ্যের আবহাওয়া ৷ বর্ষার বিদায় কি আসন্ন ? কী জানাল হাওয়া অফিসের বিশেষ বুলেটিন ?

Published : August 30, 2025 at 7:21 AM IST
কলকাতা, 30 অগস্ট: রাজ্য থেকে বৃষ্টি সাত তাড়াতাড়ি পাততাড়ি গোটাল ! আলিপুর আবহাওয়া দফতর এমন কোনও পূর্বাভাস দেয়নি। তবে গত একসপ্তাহে বৃষ্টির আঁচ রাজ্যের গায়ে লাগেনি। অঝোরধারার বৃষ্টি দেখা যায়নি। সমুদ্রে নিম্নচাপ ও ঘুর্ণাবর্ত রাজ্যের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে ৷ ফলে প্রভাব পড়েনি বঙ্গে ৷
মৌসুমী অক্ষরেখাও স্থান পরিবর্তন করেছে ৷ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বৃষ্টি হচ্ছে ৷ তবে জোরালো নয়। হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুসারে মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটার, গুনা, দামোহ, পেন্দ্রা রোড, সম্বলপুর, পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢোকার বলে উত্তরবঙ্গের কয়েকটি জেলার একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ৷ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে ৷ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
উত্তরবঙ্গে আজ বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আগামিকাল অর্থাৎ রবিবার উত্তরের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ জলপাইগুড়ির কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের সব জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ আগামিকাল অর্থাৎ রবিবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ অর্থাৎ রাজ্যে বৃষ্টি কমার ইঙ্গিত ৷ কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷
শুক্রবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 76 শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 19.3 মিলিমিটার।

