ETV Bharat / state

বিক্ষিপ্তভাবে বৃষ্টি একাধিক জেলায়, কার্নিভালেও দুর্যোগের আশঙ্কা

আজও সারাদিন মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় ৷ দূর্গাপূজোর কার্নিভালের দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WEATHER FORECAST
আলিপুর আবহাওয়া দফতর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2024 at 7:44 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অক্টোবর: বিদায়ের পথে বর্ষা! আগামী দুদিনের মধ্যে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে বলে জানিয়ে দিল মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতর আগেই বলেছিল নতুন সপ্তাহে বর্ষার বিদায় ঘণ্টা বাজবে। মৌসম ভবনের ঘোষণা সেই বিদায় নিশ্চিত করল।

বর্ষা বিদায়ের আগে সমুদ্রে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়। কয়েকদিন আগে সেইরকম একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। কিন্তু, ঘূর্ণাবর্তটি বঙ্গ থেকে দূরত্ব বাড়ানোয় তার প্রভাব এ রাজ্যে পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সাতদিন কোনও ঝড়-বৃষ্টি সংক্রান্ত সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হবে স্থানীয় মেঘের কারণে। 15 অক্টোবর মঙ্গলবার দুর্গাপুজোর কার্নিভালের দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ষা বিদায়ের পূর্বাভাস:

দেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছিল ক'দিন আগে থেকেই। বিহার, ঝাড়খণ্ডে ইতিমধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। নতুন সপ্তাহে বাংলা, ওড়িশা, সিকিম থেকেও বর্ষা বিদায়ের অনুকুল পরিস্থিতি তৈরি হতে চলেছে। প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতরের ক্যালেণ্ডার অনুযায়ী বঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় দশ থেকে বারো অক্টোবরের মধ্যে। এই বছর বর্ষার বিদায় বিলম্বিত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু, সেই বিলম্ব দীর্ঘায়িত হবে না বলেই আশা করা হচ্ছে।

উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:

আজ রবিবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের আট জেলাতেই আজ দশমীতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাদশীতে দুই দিনাজপুর মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় 15 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে।

কলকাতা ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:

শনিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 শতাংশ সর্বনিম্ন 62 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। রবিবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন
বিসর্জনের বাজনা বাজতেই দুর্গাপুজো কার্নিভালের দিন গোনা শুরু
বেসরকারি হাসপাতালের ওপিডি-সহ কয়েকটি পরিষেবা মিলবে না সোম-মঙ্গলবার