অশান্তি লেগেই রয়েছে ! পুজোর আগে ভাঙড়ে নতুন 4 থানা সক্রিয় করতে চাইছে লালবাজার
পাশাপাশি চারটি থানায় পৃথক ব্যাটেলিয়ন গঠন নিয়েও পরিকল্পনা শুরু করেছে কলকাতা পুলিশ ।

Published : September 10, 2025 at 7:54 PM IST
কলকাতা, 10 সেপ্টেম্বর: পুজোর আগেই ভাঙড় ডিভিশনের চারটি নতুন থানা সক্রিয় করতে চাইছে লালবাজার । শনিবার নগরপাল মনোজ ভার্মার সঙ্গে মাসিক অপরাধ দমন বৈঠকে এই বিষয়ে বিশেষ আলোচনা হয়েছে কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকদের । এরপরেই ভাঙড়ের হাতিশালা, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর এবং বোদরা থানাগুলি যাতে এই পুজোর আগেই চালু করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই চার থানার জন্য সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । তবে বর্তমানে কাজ চলছে ভাঙড়ের পোলেরহাট, উত্তর কাশীপুর, ভাঙড় ও চন্দনেশ্বর থানা থেকেই । এই চার থানার ওসি সিপির নির্দেশে নতুন থানাগুলির প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন । তাই ওই চারটি থানার পৃথক ব্যাটেলিয়ন গঠন নিয়েও পরিকল্পনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে । প্রশাসনের দাবি, নতুন থানা চালু হলে আইনশৃঙ্খলা রক্ষা আরও ভালো হবে এবং বড় উৎসবের আগে ভাঙড় অঞ্চলে নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে ।

সম্প্রতি ভাঙড় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে নতুন ওয়াকফ আইন ইস্যুকে নিয়ে । সেখানে আইএসএফ-এর ডাকা বিক্ষোভ সমাবেশে আসা সমর্থক ভর্তি গাড়ি পুলিশ আটকে দেয় বলে অভিযোগ ওঠে । এরপরই জনতা-পুলিশ সংঘর্ষ শুরু হয় । অভিযোগ, আইএসএফ সমর্থকরা পুলিশের উপর ইটবৃষ্টি করেন । উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ । এর জেরে এলাকার একাধিক জায়গায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা থেকে অতিরিক্ত পুলিশকর্মী ও আধিকারিকদের পাঠানো হয় । দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় । আর তারপরেই নগরপাল মাসিক বৈঠকে চারটি নতুন থানা সক্রিয় ও পৃথক ব্যাটেলিয়ন গঠন করার সিদ্ধান্ত নেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "পুজোর আগে নতুন থানা চালুর কাজ দ্রুত এগোচ্ছে । তবে পুজোর আগে এত কম দিনে তা কীভাবে সম্ভব হবে বলা যাচ্ছে না ।"
অন্যদিকে ভাঙড়ে একাধিক রাজনৈতিক বিক্ষোভের ঘটনা প্রায় রোজই ঘটে চলেছে । ফলে মাঝেমধ্যেই সেখানে লালবাজার থেকে বাড়তি বাহিনী মোতায়েন করতে হচ্ছে । তার ফলে অন্য জায়গায় পুলিশের ঘাটতি ঘটছে বলে অনেকেই মনে করছেন । এই পরিস্থিততে ভাঙড়ে যদি স্থায়ী ব্যাটেলিয়ান এবং আরও চারটি থানা সক্রিয় হয়ে ওঠে সেক্ষেত্রে ওই জায়গার আইন-শৃঙ্খলা সামলাতে পুলিশের সাহায্য হবে বলে আশা করা হচ্ছে ।

