ETV Bharat / state

মহানগরের মাঝরাস্তায় অসুস্থ ঘোড়া, অভিযোগ দায়ের করে মালিককে থানায় ডাকল পুলিশ

সম্প্রতি কলকাতার রাস্তায় একটি ঘোড়ার অসুস্থ হওয়ার খবর সামনে আসে ৷ একটি পশুপ্রেমী সংগঠনের অভিযোগে তদন্তে নামল কলকাতা পুলিশ ৷

Kolkata Police
মহানগরের মাঝরাস্তায় অসুস্থ ঘোড়া, অভিযোগ দায়ের করে মালিককে থানায় ডাকল পুলিশ (সোশাল মিডিয়া থেকে নেওয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 9:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: অসুস্থ হয়ে রাস্তায় পড়ে রয়েছে একটি ঘোড়া ৷ ওই অবস্থায় সেটির চিকিৎসা তো দূরস্থান ৷ উলটে ঘোড়াটির উপর নির্যাতন চালিয়ে তাকে আবার উঠতে বাধ্য করছেন মালিক ৷ সম্প্রতি কলকাতার রেড রোডের সামনে এমন অমানবিক একটি দৃশ্য সামনে আসে ৷

এই ঘটনায় ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটি পশুপ্রেমী সংস্থা ৷ তারা কলকাতা পুলিশকে মেনশন করে ওই পোস্টে ৷ তার পরই আসরে নামে লালবাজার ৷ ডেকে পাঠানো হয় ঘোড়ার মালিককে ৷ জানতে চাওয়া হয়, ঘোড়া কেন অসুস্থ হল ? সেটির প্রতিপালন কি ঠিকভাবে হচ্ছে না ?

উল্লেখ্য, ওই পশুপ্রেমী সংস্থার তরফে সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করা হয়, সেখানে দেখা যায় একটি গাড়িকে দু’টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছিল ৷ তার মধ্যে একটি ঘোড়া আচমকা অসুস্থ হয়ে পড়ে ৷ পশুপ্রেমী সংগঠনটির দাবি, গরমের কারণেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়েছিল ৷ কিন্তু মালিক ঘোড়াটিকে সুস্থ করে তোলার চেষ্টা না করে সেটিকে মারতে থাকে ৷ এবং ওঠানোর চেষ্টা করতে থাকে ৷ এক সময় ঘোড়াটি কোনোক্রমে উঠে দাঁড়ায় ৷

Kolkata Police
সোশাল মিডিয়ায় কলকাতা পুলিশের পোস্ট (সৌজন্যে - এক্স হ্যান্ডেল)

কলকাতা পুলিশের তরফে ওই পোস্টটিকে আবার পোস্ট করা হয় ৷ সেখানে জানানো হয় যে ভবানীপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ ওই পোস্টে কলকাতা পুলিশ আরও জানায়, বর্তমানে ঘোড়াটি আগে তুলনায় অনেকটা সুস্থ রয়েছে । তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । এই নিয়ে কলকাতা পুলিশের আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "সংগঠনের তরফ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই আমরা তদন্ত নেমেছি ।"

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতার ময়দান চত্বরে গেলেই ঘোড়ায় টানা অনেক গাড়ি দেখা যায় ৷ বাইরে থেকে যে পর্যটকরা আসেন, যাঁরা ময়দান চত্বরে ঘুরতে যান, তাঁদের অনেককেই ঘোড়ায় টানা এই গাড়িতে সওয়ার হতে দেখা যায় ৷ বদলে মোটা টাকাও দিতে হয় ঘোড়া ও গাড়ির মালিককে ৷

অভিযোগ, এভাবে রোজগার করলেও ঘোড়াগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা হয় না ৷ ঠিকমতো খেতে দেওয়া হয় না ৷ গরমের সময় সারাদিন রাস্তায় থাকলেও প্রয়োজনীয় জলও দেওয়া হয় না ৷ এমনকী অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও করা হয় না ৷ তার জেরে ঘোড়ার মৃত্যুর ঘটনাও ঘটে ৷ এই বিষয়ে অনেকেরই দাবি, এই ধরনের অমানবিক ব্যবসা বন্ধ হওয়া উচিত ৷