ETV Bharat / state

কসবা গণধর্ষণ-কাণ্ডে 58 দিনের মাথায় চার্জশিট পেশ, এবার বিচার শুরু হবে মনোজিৎদের

গত জুনে কসবার আইনে কলেজে গণধর্ষণের ঘটনাটি ঘটে ৷ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে শনিবার পেশ হল চার্জশিট ৷

KASBA GANG RAPE CASE
কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 23, 2025 at 7:07 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 অগস্ট: 58 দিনের মাথায় কসবা গণধর্ষণ-কাণ্ডে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ ৷ শনিবার আলিপুর আদালতে এই ঘটনার চার্জশিট পেশ করা হয় ৷ এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া ৷

গত জুন মাসের শেষের দিকে কসবার একটি আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ ঘটনার পরদিন তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগপত্রে মূল অভিযুক্ত হিসেবে কলেজের প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রের নাম লেখা হয় ৷ তাঁকে সাহায্য করার জন্য আরও দুই ছাত্রের নাম ছিল অভিযোগপত্রে ৷ তাঁদের নাম জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় ৷

পুলিশের কাছে নির্যাতিতা ছাত্রী জানান, কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে এই ঘটনাটি ঘটে ৷ তদন্তে নেমে মনোজিৎ মিশ্র-সহ বাকি দু’জনকে প্রথমে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ তার পর নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ৷ এদিন ওই চারজনের বিরুদ্ধেই চার্জশিট পেশ করেছেন তদন্তকারীরা ৷

লালবাজার সূত্রের খবর, সংশ্লিষ্ট চার্জশিটটি মোট 650 পাতার । চার্জশিটে মোট 80 জনের বেশি সাক্ষীর বয়ান নথিভুক্ত করা রয়েছে । সংশ্লিষ্ট চার্জশিটে একাধিক ধারার উল্লেখ রয়েছে ৷ যেমন গণধর্ষণ-সহ ছাত্রীকে ভয় দেখানো, আটকে রাখা, অপরাধের ভিডিয়ো রেকর্ড করা, সেই ভিডিয়ো মুছে ফেলা-সহ একাধিক তথ্যপ্রযুক্তির ধারাও দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, যেকোনও অভিযোগ দায়ের হলে, তার 60 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হয় ৷ না-হলে অভিযুক্তদের জামিন দিয়ে দেওয়া হয় ৷ ঠিক যেভাবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুন মামলায় জামিন পেয়েছেন সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ৷ এক্ষেত্রেও কি তেমনটা হবে ? গত কয়েকদিন ধরে সেই জল্পনাই চলছিল ৷

বিশেষ করে মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন ৷ শাসক দলের মদতেই তাঁর প্রভাব বৃদ্ধি পেয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন ৷ সেই কারণেই কি চার্জশিট পেশে টালবাহানা করছে পুলিশ ? এই প্রশ্নও তুলছিল বিরোধীরা ৷ যদিও সময়সীমা শেষ হওয়ার দু’দিন আগেই চার্জশিট পেশ করে দিল কলকাতা পুলিশ ৷

এবার মনোজিৎ মিশ্র-সহ চার অভিযুক্তের বিচার শুরু হবে ৷ এখন দেখার কতদিনের মধ্যে এই মামলার রায় বের হয় ৷ আর কী রায় দেয় আলিপুর আদালত !

আরও পড়ুন -

  1. কসবা আইন কলেজে গণধর্ষণ: মনোজিতের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ লালবাজারের
  2. মনোজিৎদের জন্য জামিনের আবেদনই করলেন না আইনজীবীরা