ETV Bharat / state

ভোররাতে মনোজিৎদের নিয়ে কসবার কলেজে লালবাজারের গোয়েন্দারা, দ্বিতীয় দফায় হল পুনর্নির্মাণ

কসবা-কাণ্ডে ধৃত চারজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় ঘটনার পুনর্নির্মাণ করলেন লালবাজারের গোয়েন্দারা ৷

ETV BHARAT
কসবা-কাণ্ডে দ্বিতীয় দফায় পুনর্নির্মাণ লালবাজারের গোয়েন্দাদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 4, 2025 at 2:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 জুলাই: কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত-সহ ধৃত মোট চারজনকে নিয়ে ভোররাতে ঘটনাস্থলে গেল কলকাতা গোয়েন্দা পুলিশ ৷ দ্বিতীয়বারের জন্য করা হল অপরাধের ঘটনার পুনর্নির্মাণ ৷ লালবাজার সূত্রে খবর, প্রথমে কসবা থানার তদন্তকারী আধিকারিকরা এই ঘটনার পুনর্নির্মাণ করেছিলেন । এবার তদন্ত হাতে নেওয়ার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই প্রথম প্রত্যেক অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করলেন ।

শুক্রবার ভোর চারটের সময় কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র, দুই ছাত্র জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় এবং কলেজেরই নিরাপত্তারক্ষীকে নিয়ে ঘটনাস্থলে যায় কলকাতা গোয়েন্দা পুলিশ ৷ সেই দলে ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা । ভোর সাড়ে চারটা নাগাদ শুরু হয়ে যায় এই ঘটনার দ্বিতীয় দফার পুনর্নির্মাণ প্রক্রিয়া । এর সঙ্গে চলে ভিডিয়োগ্রাফি । পাশাপাশি অভিযুক্তদের বয়ানও রেকর্ড করেন তদন্তকারীরা ।

চার ঘণ্টা কুড়ি মিনিট ধরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই চারজন অভিযুক্তকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দফায় পুনর্নির্মাণের কাজ চালান । প্রথমে তাঁদের সংশ্লিষ্ট কলেজের গার্ড রুম বা নিরাপত্তারক্ষীদের ঘরে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি ইউনিয়ন রুমেও দীর্ঘক্ষণ ধরে তাঁদের নিয়ে গিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা।

এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনাটি অত্যন্ত গুরুতর । ফলে যাতে কোনও রকমের গন্ডগোল না-হয়, তার জন্যই ভোরবেলা অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে । মূলত ভিড় এড়ানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল ৷"

লালবাজার সূত্রে খবর, এই ঘটনার পুনর্নির্মাণ করার সময় থ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নেয় কলকাতা পুলিশ । থ্রিডি ম্যাপিং এর আগেও ব্যবহার করতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে । পুনর্নির্মাণ হয়ে যাওয়ার পর এদিন আরও দু'ঘণ্টা ধরে ঘটনাস্থলে থ্রিডি ম্যাপিং করেন আধিকারিকরা ৷ এই থ্রিডি ম্যাপিং পদ্ধতি এর আগে দেখা গিয়েছিল আরজি কর হাসপাতালের ঘটনায় ৷ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যাতে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ ছবি এবং অপরাধীদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া যায়, সে জন্য আরজি কর হাসপাতালে থ্রিডি ম্যাপিং পদ্ধতি চালিয়েছিল পুলিশ । এবার কসবা-কাণ্ডে সেই থ্রিডি ম্যাপিং করল লালবাজার ।

এই ঘটনা ঘটার পরে পুলিশকর্মীরা ওই নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ কীভাবে করেছিলেন, সেই সব বিষয়গুলি এদিন নথিবদ্ধ করা হয়েছে । ওই নির্যাতিতার দেওয়া বয়ানের ভিত্তিতে আজ সকালে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার দ্বিতীয় দফায় পুনর্নির্মাণ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ।

এই ঘটনায় ধৃত নিরাপত্তারক্ষীকে আজ আলিপুর পুলিশ আদালতে পেশ করে ফের নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় আজ সকাল আটটার পর ঘটনাস্থল থেকে বের করে অভিযুক্তদের ফের কসবা থানায় নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের থেকে ইতিমধ্যেই রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা । সেগুলি খতিয়ে দেখে তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন যে, কার প্রশ্রয়ে মূল অভিযুক্তদের কলেজে এত বাড়-বাড়ন্ত ছিল ।