দাবিহীন জলাশয় ভরাটে নজর জমি মাফিয়াদের! কড়া পদক্ষেপের পথে কলকাতা পুরনিগম
কলকাতার অনেক দাবিহীন জলাশয় জামি মাফিয়াদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ ৷ এই নিয়ে পদক্ষেপ করবে কলকাতা কর্পোরেশন ৷

Published : July 12, 2025 at 4:06 PM IST
কলকাতা, 12 জুলাই: জলাশয় ভরাটের অভিযোগ কলকাতা পুরনিগম এলাকায় নতুন নয় ৷ পরিস্থিতি এমনই যে জলাশয় ভরাট হওয়া কিছু এলাকাকে রেড জোন হিসেবেও চিহ্নিত করেছে কলকাতার পুর-প্রশাসন ৷ তাছাড়া জলাশয় ভরাটের অভিযোগ উঠলেই মালিক বা প্রমোটারকে নোটিশ দেয় পুরনিগম ৷ কিন্তু যে জলাশয়গুলি মালিকানাহীন, সেগুলির ক্ষেত্রে কাকে ধরা হবে ?
এই সমস্যার সমাধানে এবার পদক্ষেপ করল কলকাতা কর্পোরেশন ৷ শহর জুড়ে ছড়িয়ে থাকা দাবিহীন জলাশয়গুলো অর্থাৎ যে জলাশয়ে মালিকের কোনও খোঁজ নেই, তেমন জলাশয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চলেছে কলকাতা পুরনিগম । সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে খবর কর্পোরেশন সূত্রে । কেএমসি-র আশা, এর ফলে জমি হাঙরদের হাত থেকে শহরের জলাশয়গুলি রক্ষা পাবে ৷
উল্লেখ্য, বাম জমানা থেকে তৃণমূল জমানা, কলকাতা শহরে ধীরে ধীরে উধাও হয়েছে একের পর এক জলাশয় । সংখ্যাটা নেহাত কম নয় । কমতে কমতে জলাশয় এখন তলানিতে ঠেকেছে । আর তার প্রভাব পড়েছে শহরের পরিবেশে । সেটা পরতে পরতে টের পেয়েছেন নাগরিক থেকে পুর আধিকারিকরা ।

তাই এখন কর্পোরেশন জলাশয় ভরাট নিয়ে অনেকটাই সতর্ক থাকে ৷ টক টু মেয়র অনুষ্ঠানে অভিযোগ এলে ব্যবস্থা গ্রহণ করে কলকাতা কর্পোরেশন । পুরনিগমের এক আধিকারিক বলেন, ‘‘পুকুর ভরাটের অভিযোগ এলেই আমরা মালিক বা প্রোমোটারকে নোটিশ দিয়ে থাকি । পরিস্থিতি অনুসারে থানায় অভিযোগ দায়ের করি ।’’ মেয়র ফিরহাদ হাকিম নিজে রাস্তায় রাবিশ ভর্তি লরি আটকে পুলিশের ভূমিকা নিয়ে এক সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন ।
শহরে একাধিক বড় বড় জলাশয়ের হাল ফেরানো চলছে । কেন্দ্রীয় বা রাজ্যের প্রকল্পের টাকায় চলছে সংস্কার, পলি ও পানা পরিষ্কার করে সৌন্দর্যায়ন কাজ । সেই জলাশয়গুলি দরপত্র ডেকে পরবর্তী সময় মাছ চাষে জন্য সমবায় সমিতিগুলো বা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দেওয়া হবে । ফলে জলাশয় রক্ষা পেলে এলাকার দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ থাকে । পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। জমা জলের সমস্যা অনেকটা কম হবে । জলজ বাস্তুতন্ত্র রক্ষা পাবে । গাছগাছালি দিয়ে ঘেরা থাকায় বাড়বে সবুজ ।
এবার কলকাতা পুরনিগমের বাড়তি নজর দাবিহীন জলাশয়ের দিকে । পুর কর্তৃপক্ষের নজরে এসেছে দাবিহীন জলাশয়গুলো বেশি করে লক্ষ্যবস্তু করে তুলছে শহরের জমি লুটেরারা । ধীরে ধীরে ভরাট করে ফেলছে জলাশয় । তাই কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগ সেই সমস্ত জলাশয়গুলো রক্ষা করতে তৎপর হচ্ছে ।
সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়, শহরে দাবিহীন জলাশয় চিহ্নিত করবে বরো আধিকারিকরা । সেগুলো সংস্কার, সংরক্ষণ করা হবে । মাছ চাষ করা হবে। যাতে ভরাট না হয় । কর্পোরেশন ইতিমধ্যেই জোকা, টালিগঞ্জ, কসবা, বেহালা, যাদবপুর, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রেড জোন চিহ্নিত করেছে জলাশয় ভরাটকে ভিত্তি করে । সেখানেই প্রথম বাড়তি নজর দেবে পুর কর্তৃপক্ষ ।
কর্পোরেশনের ওই আধিকারিক বলেন, ‘‘অনেক জলা আছে যার মালিকের খোঁজ নেই । সেই সব ক্ষেত্রে একটু অসুবিধা হয় । তাই এগুলো কর্পোরেশন নিজের হাতে নিয়ন্ত্রণ নিলে আর সমস্যা হবে না ।’’

