মুহূর্তেই সমস্যার সমাধান ! কলকাতায় তৈরি হচ্ছে পানীয় জলের পাইপলাইনের ডিজিটাল ম্যাপ
কলকাতা পুরনিগমের 8টি বরোর মোট 65টি ওয়ার্ডের পানীয় জলের ডিজিটাল ম্যাপ তৈরির কাজ শেষ ৷ নিকাশির ডিজিটাল ম্যাপ তৈরির কাজও প্রায় শেষের পথে ৷

Published : June 15, 2025 at 4:19 PM IST
কলকাতা, 15 জুন: কলকাতা শহরের নিকাশি লাইনের ডিজিটাল ম্যাপ তৈরির কাজ প্রায় শেষের মুখে ৷ তার সঙ্গেই এবার অনেকটা কাজ এগিয়ে গেল শহরের পানীয় জল সরবরাহকারী পাইপলাইনের ডিজিটাল ম্যাপ তৈরির কাজ ৷ কলকাতা পুরনিগমের আটটি বরো মিলিয়ে মোট 65টি ওয়ার্ডে শেষ হয়েছে এই ম্যাপ তৈরির কাজ ৷ এর উদ্দেশ্য, পানীয় জল সরবরাহ বিঘ্নিত হলে, কয়েকটি ক্লিকে পৌঁছানো যাবে সমস্যার উৎসে ৷
এই ম্যাপ কলকাতা পুরনিগমের কাছে ভবিষ্যতের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পত্তি ও নথি হয়ে উঠবে বলে দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পরিষেবা সংক্রান্ত বিপর্যয়ের মোকাবিলা করতে গিয়ে, অনেক ক্ষেত্রেই হিমশিম খেতে হয়েছে কলকাতা পুরনিগমের আধিকারিকদের ৷ বউবাজার মেট্রো বিপর্যয় থেকে শুরু করে মহম্মদ আলি পার্কের জলাশয়ে ধস নামার ঘটনা, এমন বহু ক্ষেত্রে মাটির নিচের সম্পূর্ণ নকশা ও নথি না-থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে ৷
নিকাশি হোক বা পানীয় জল, ব্রিটিশ আমলে তৈরি সেইসব পাইপলাইন ও নালার সিংহ ভাগ নকশা নেই পুরনিগমের কাছে ৷ তবে, পরবর্তী সময় কলকাতা পুরনিগম যেখানে পাইপলাইন বসিয়েছে বা কাজ করেছে সেই নথি থাকলেও, তা অনেক সময় পাওয়া যায় না ৷ আরেকটি সমস্যা হল, নিকাশি ও পানীয় জল সরবরাহকারী বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব ৷ যেখানে নিকাশি বিভাগের কাছে জলের পাইপলাইন সংক্রান্ত নথি থাকে না ৷ আবার পানীয় জল সরবরাহকারী বিভাগের কাছে নিকাশির নথি থাকে না ৷

এবার সেই সব সমস্যার সমাধানও হয়ে যাবে বলে জানাচ্ছে কলকাতা পুরনিগম ৷ ইতিমধ্যে, কলকাতার নিকাশি বিভাগ প্রতি ওয়ার্ডে ডিজিটাল ম্যাপ তৈরি করে ফেলেছে ৷ এর ফলে কোনও জায়গায় সমস্যা তৈরি হলে বিভাগের তরফে কম্পিউটারে কয়েকটি ক্লিকেই সমস্যার সমাধান হয়ে যাবে ৷ মূলত, নিকাশি পাইপ যেখানে রয়েছে, সেই জায়গায় পাইপ কত ডায়ামিটার, ঠিক রাস্তার কোন অংশ দিয়ে গেছে, সেখানে কতগুলি ক্যাচ পিট, কতগুলি ম্যান হোল রয়েছে, সেই সব পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে ৷
পাশাপশি, ডিজিটাল ম্যাপে ওয়াটার পকেটগুলি চিহ্নিত করা আছে ৷ মাটির কতটা নিচ দিয়ে পাইপ গেছে, তাও উল্লেখ রয়েছে ৷ এর ফলে সার্বিক চিত্র জানা থাকলে, যে কোনও নিকাশি সংক্রান্ত সমস্যার সমাধান করা সহজ হবে ৷ কাজও দ্রুত সম্পন্ন হবে ৷ নিকাশি বিভাগের এই সাফল্যকে নজরে রেখে, তাদের তত্বাবধানেই তৈরি হচ্ছে শহরের মাটির তলায় থাকা পানীয় জল সরবরাহ বিভাগের পাইপলাইনের ম্যাপ ৷
কলকাতা পুরনিগমের আট বরোর মোট 65টি ওয়ার্ডে এই ডিজিটাল ম্যাপ তৈরির কাজ শেষ হয়েছে ৷ বাকি 8টি বরোর 79টি ওয়ার্ডে সেই কাজ এখনও চলছে ৷ এই ম্যাপে কোথায় কত মাপের পাইপ, জলের প্রবাহ মাত্রা কত, স্ট্যান্ড পোস্ট কতগুলি, হাউজে কানেকশন ও চাবি কোথায় রয়েছে সব তথ্য থাকছে ৷
জলের পাইপের আশপাশে কোন-কোন পরিষেবার লাইন গেছে, নিকাশি পাইপের দূরত্ব ও গভীরতা কত, তাও উল্লেখ থাকবে ৷ নিকাশির মতো পানীয় জল সরবরাহ বিভাগের ইঞ্জিনিয়ারদের কাজে সুবিধা হবে এই ম্যাপ তৈরি হলে ৷ এখানে শুধু ডিজিটাল মানচিত্র নয়, বরং সমস্ত ধরনের নথিও থাকবে ৷

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতা পুরনিগম ডিজিটাল ম্যাপ তৈরি করছে ৷ মেয়র পারিষদ নিকাশি তারক সিংয়ের উদ্যোগে ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে মাটির তলায় নিকাশি পাইপের ডিজিটাল ম্যাপ তৈরি করেছেন ৷ আমার অনুরোধে এবার পানীয় জলের ডিজিটাল ম্যাপ তৈরি কাজ দ্রুত শেষ করছেন তাঁরা ৷ এটা একটা ইতিহাস তৈরি হবে ৷ কলকাতা পুরনিগম এলাকায় মাটির তলায় কোথায় কী রয়েছে, তার ডিজিটাল ম্যাপ তৈরি হচ্ছে ৷"

