চলবে সংস্কারের কাজ, শনি-রবি 'বন্ধ' থাকবে মেট্রো পরিষেবা
সংস্কারের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ব্লু লাইনের শেষ স্টেশন হল শহিদ ক্ষুদিরাম । এই নিয়েও সমস্যা দেখা দিয়েছে ৷

Published : August 29, 2025 at 1:50 PM IST
কলকাতা, 29 অগস্ট: সংস্কারের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ব্লু লাইনের শেষ স্টেশন হল শহিদ ক্ষুদিরাম । কিন্তু, বিগত কয়েকদিন ধরে বেশ কয়েকটি মেট্রোর পরিষেবা শেষ হয়ে যাচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশনে এসে । এবার এই সমস্যার সমাধানের জন্য নতুন করে লুপ লাইন বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ এই কাজের জন্য শনিবার রাত্রি থেকে রবিবার বিকেল পর্যন্ত মহানায়ক উত্তম কুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে পরিষেবা বন্ধ রাখা হবে ৷
তবে রবিবার 'Miscellaneous Services Recruitment Examination' রয়েছে ৷ পরিষেবা বন্ধ থাকায় পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যায় পড়তে না-হয়, সেই জন্য রবিবার মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বরের স্টেশনের মধ্যে সকাল 7টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে ৷ গ্রিন লাইনে সকাল 9টার পরিবর্তে সকাল 8টা থেকে আপ ও ডাউন লাইনে পরিষেবা শুরু হয়ে যাবে ।
সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনে পর পর চারটি পিলারে ফাটল দেখা দেয় ৷ সেই সঙ্গে স্টেশনের অন্যান্য অংশেও সমস্যা দেখা দিয়েছে ৷ সংস্কারের কাজের জন্য আগামী প্রায় এক বছর স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তাই এই মুহূর্তে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনকে ব্লু লাইনের শেষ স্টেশন হিসেবে পরিষেবা চলছে ৷ কিন্তু, দেখা যাচ্ছে নিয়ম মতো এই স্টেশন পর্যন্তও পরিষেবা চলছে না ৷ বরং, টালিগঞ্জ মেট্রো স্টেশনে মেট্রো শর্ট টার্মিনেশন বা যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে ।
প্রায় প্রতিদিনের এই ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । পরের 5টি স্টেশনে পৌঁছতে ব্যাপক সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা ৷ মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে কোনও লুপ লাইন বা টার্ন আউট লাইন বা সহজ কথায় রেক ঘোরানোর লাইন না-থাকায় একেবারে কবি সুভাষ মেট্রো ষ্টেশন পর্যন্ত নিয়ে গিয়ে প্ল্যাটফর্মের বাইরের দিয়ে ঘোরাতে হচ্ছে ৷ এতে অনেকটা সময় চলে যাচ্ছে ৷ সেকারণে, টালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাত্রা সংক্ষিপ্ত করতে হচ্ছে ।
তবে, যাত্রীদের থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সমস্যা সমাধানের জন্য শনিবার লুপ লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷ শনিবার, 30 অগস্ট রাত 11টা থেকে রবিবার, 31 অগস্ট বিকেল 3টে পর্যন্ত চলবে এই কাজ ৷ এরপর যাত্রী সুরক্ষার কথা মাথায় নিরাপত্তার বিষয়টি যাচাইয়ের পর বিকেল 4টে থেকে পরিষেবা ফের শুরু করা হবে ৷
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার শহিদ ক্ষুদিরাম স্টেশনে লুপ লাইনের কাজ হওয়ার পর সিগন্যালিংয়ের কাজ করা হবে ৷ এরপর কয়েকবার ট্রায়াল রান করার পর যাত্রী নিরাপত্তা নিশ্চিত করে পরিষেবা স্বাভাবিক করা হবে ৷ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ হলে পুজোর আগেই যাত্রীরা নিশ্চিন্তে একেবারে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সফর করতে পারবেন ৷

