ETV Bharat / state

ফের দুর্ভোগ মেট্রোয়, যান্ত্রিক গোলযোগে দক্ষিণেশ্বরে দীর্ঘক্ষণ বন্ধ পরিষেবা

নোয়াপাড়া স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রোর পরিষেবা দেওয়া হয় ৷ লাইনের পয়েন্টে যান্ত্রিক সমস্যা বলে কলকাতা মেট্রো সূত্রে খবর ৷

KOLKATA METRO
কলকাতা মেট্রো ৷ (ইটিভি ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 10, 2025 at 3:07 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 সেপ্টেম্বর: সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের কলকাতা মেট্রোয় দুর্ভোগ ৷ পয়েন্টের যান্ত্রিক সমস্যার জেরে প্রায় ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ থাকল ব্লু-লাইনের দক্ষিণেশ্বর স্টেশনে ৷ সেখানে লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে ৷ যার জেরে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয় ৷

সামনেই দুর্গাপুজো ৷ তার আগে জারি রয়েছে পুজোর কেনাকাটা ৷ কিন্তু, কলকাতার গণ-পরিবহণের অন্যতম মাধ্যম কলকাতা মেট্রোয় দুর্ভোগও চলছে প্রতিনিয়ত ৷ কলকাতা মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর স্টেশনের চেঞ্জার পয়েন্টে সমস্যার জেরে বুধবার দীর্ঘক্ষণ সেখানে পরিষেবা বন্ধ ছিল ৷ তার জেরে নোয়াপাড়া স্টেশন থেকে সব মেট্রো ঘুরিয়ে দেওয়া হচ্ছিল ডাউনে শহিদ ক্ষুদিরামের দিকে ৷

KOLKATA METRO
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় যাত্রীরা ৷ (নিজস্ব ছবি)

মেট্রো কর্তৃপক্ষ নোয়াপাড়া থেকে পরিষেবা চালানোর কথা বললেও, সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ অভিযোগ, দমদম-সহ একাধিক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে যায় ৷ দক্ষিণেশ্বরে পয়েন্টের সমস্যার জেরে প্রত্যেক স্টেশনে দীর্ঘক্ষণ ধরে একটি রেক দাঁড় করিয়ে রাখা হয় ৷ স্বভাবতই চরম হয়রানির শিকার হন যাত্রীরা ৷ তবে, দিনের ব্যস্ততম সময় না-হওয়ায়, তেমন সমস্যা হয়নি বলে দাবি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ৷

মেট্রোর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন যে নর্থ সাউথ করিডোরের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পয়েন্টের সমস্যা দেখা দেয়। অর্থাৎ এক লাইন থেকে আর এক লাইন জোড়ার মুখকে পয়েন্ট বলা হয়। এরপর 2.20 মিনিট নাগাদ আবারও পরিষেবা স্বাভাবিক হয় ৷

মেট্রোর তরফে জানানো হয়েছে, দুপুর 1টা নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনের চেঞ্জার পয়েন্টে সমস্যা শুরু হয় ৷ বিষয়টি জানার পরেই থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ মেট্রোর সিগন্যালিং ও ট্র্যাকের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি মেরামতির কাজ শুরু করেন ৷ প্রায় দেড়ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পর, বেলা 2টো 20 মিনিট নাগাদ দক্ষিণেশ্বর স্টেশন থেকে পরিষেবা স্বাভাবিক হয় ৷

এক নিত্যযাত্রী বলেন, "আমি দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে উঠেছিলাম ৷ আমার মেট্রোটি দমদম স্টেশনে ঢোকার পরেই দাঁড়িয়ে যায় ৷ তখন 1 টা 25 মিনিট হবে ৷ তারপর একঘণ্টার বেশি দমদমেই দাঁড়িয়েছিল ট্রেনটা ৷ আড়াইটের পর ছাড়ল ৷"