ETV Bharat / state

পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু নিয়ে জল্পনা

কলকাতা মেট্রোর নির্মীয়মাণ কাজ পরিদর্শন করলেন ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সতীশ কুমার । মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা অংশের কাজ খতিয়ে দেখলেন তিনি ।

KOLKATA METRO
প্রতীকী ছবি (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 3:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অগস্ট: শহরে এসে এবার কলকাতা মেট্রোর নির্মীয়মাণ কাজ পরিদর্শন করলেন ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সতীশ কুমার । মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা অংশের কাজ খতিয়ে দেখলেন তিনি। রেলের চেয়ারম্যানের পরিদর্শনের পর অনেকেই মনে করছেন আগামী 22 অগস্ট শিয়ালদা থেকে এসপ্ল্যানেড-সহ আরও দুটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দু'দিনের সফরে এসে রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার কলকাতা মেট্রোয় নেটওয়ার্কের তিনটি অংশের কাজ পরিদর্শন করেন । প্রথমে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে 2.6 কিমি অংশের কাজের পরিদর্শন করেন । এরপর মেট্রোর ইয়ালো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত 7 কিমি অংশের পরিদর্শন করেন ৷ সবশেষে অরেঞ্জ লাইনে রুবি মেট্রোপলিটন অংশের 4.5 কিমি পথও পরিদর্শন করেন সতীশ কুমার ।

আগামী 22 অগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর সেদিন তিনি কলকাতা মেট্রোয় নেটওয়ার্কের এই তিনটি রুটের উদ্বোধন করতে পারেন বলে খবর । সূত্রের খবর, ইতিমধ্যেই এই স্টেশিনগুলতে প্রস্তুতি চোখে পড়ার মতো । এই আবহে রেল বোর্ডের চেয়ারম্যানের কলকাতা সফর উদ্বোধনের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে ৷ যদিও, এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মেট্রোরেল সূত্রে খবর ।

উল্লেখ্য, পরিদর্শনে এসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের সময় বৌবাজার এলাকায় ধস নামার বিষয় নিয়ে মেট্রো আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সতীশ কুমার ৷ গত 11 অগস্ট রেল বোর্ডের আরও এক উচ্চপদস্থ আধিকারিক ব্রজমোহন আগরওয়াল কলকাতায় এসে মেট্রো প্রকল্পের কাজ পরিদর্শন করে গিয়েছেন ৷

এর আগে গত রবিবার শিয়ালদা স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন ৷ সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর । এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সাংসদ জগন্নাথ সরকার । অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ সুকান্তর অনুরোধ, শিয়ালদা স্টেশনকে নামকরণ হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ৷

পড়ুন: সোম থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা ! বদলাচ্ছে পরিষেবার সময়, কোন রুটে ?