অবশেষে টনক নড়ল মেট্রো কর্তৃপক্ষের, যাত্রী সুরক্ষায় 800 নিরাপত্তা কর্মী নিয়োগ
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যাত্রী খুনের ঘটনায় নড়েচড়ে বসল মেট্রো রেল কর্তৃপক্ষ । বিভিন্ন মেট্রো স্টেশনে নিযুক্ত করা হবে অতিরিক্ত আরপিএফ জওয়ান ৷

Published : September 15, 2025 at 1:55 PM IST
কলকাতা, 15 সেপ্টেম্বর: সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ তাই মেট্রোয় যাত্রীদের নিরাপত্তা আঁটোসাঁটো করতে 800 নিরাপত্তারক্ষী নিযোগ করার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো লাইনে একদিকে নিত্যদিনের ভোগান্তি, অন্যদিকে গত 12 সেপ্টেম্বর ভরদুপুরবেলায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে 17 বছরের ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷ কী করে খুনি ছুরি নিয়ে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করল ? এই প্রশ্ন তুলছেন শহরবাসী। তাহলে কী নামেই ব্যাগেজ স্কেনার আর মেটাল ডিটেক্টর ? স্বাভাবিকভাবে মেট্রোর নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে।
আর এই বিতর্কের পরেই টনক নড়ল মেট্রো রেল কর্তৃপক্ষের ৷ কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনে নিযুক্ত করা হবে অতিরিক্ত আরপিএফ ৷ তাই প্রায় 800 আরপিএফ জওয়ানকে মেট্রোর নিরাপত্তা দেওয়ার কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, লাগেজ স্ক্যানার রয়েছে তবুও যাত্রীরা স্ক্যানারের পাস কাটিয়ে চলে যাচ্ছেন কিংবা লাগেজ স্ক্যানারই বিকল। আবার আরপিএফ জাওয়ানরাও রয়েছেন কিন্তু তাঁরাও বসে রয়েছেন ৷ তাই নিরাপত্তার বিষয় এই ধরনের ঢিলেমি আবারও মেট্রো কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ৷ সামনেই উৎসবে মরশুম ৷ আর উৎসবের মেজাজ চলবে নতুন বছর পর্যন্ত ৷ কলকাতা মেট্রোর দেওয়া তথ্য অনুসারে শনিবার এবং রবিবার দিনগুলি পুজোর কেনাকাটার জন্য ব্যাপক ভিড় হচ্ছে । আর এটা বলার অপেক্ষা রাখে না যে, পুজো দিনগুলিতে এয়ার ভিড় কয়েকগুণ বৃদ্ধি পাবে।
তাই স্বাভাবিকভাবে যাত্রী ভিড় যে পুজোর ক'টাদিনে আরও বাড়বে সেটা বলাইবাহুল্য। পুজোর সময় যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং পরিষেবাও সচল রাখতে যেমন পুজোর ক'টাদিন টাইম টেবিলে রদবদল আনা হচ্ছে, তেমনই যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মেট্রো ষ্টেশনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ৷
তাই এবার একাধিক বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কর্তৃপক্ষ। শুধু এটুকুই নয়, এবার থেকে সেন্ট্রাল রুমে প্ল্যাটফর্ম এবং রেকের ভেতরে থাকা সিসিটিভি-র মাধ্যমে আরও ভালোভাবে যাত্রীদের গতিবিধির উপর নজর রাখা হবে বলে জানানো হয়েছে । প্রতিটি স্টেশনে সবকটি প্রবেশ এবং বেরোবার গেটের কাছে স্ক্যানার দিয়ে যাত্রীদের সঙ্গে থাকা লাগেজের পরীক্ষা করা হবে।
গত শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মনোজিৎ যাদব নামে এক ছাত্রকে ছুরি নিয়ে আক্রমণ করে তারই সহপাঠী। মনোজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শনিবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ স্টেশনের ভিতরে এই খুনের ঘটনার পরই অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

