ETV Bharat / state

নোয়াপাড়ায় কেবলে আগুন, সপ্তাহের শুরুতেই ফের থমকে মেট্রো ! নাজেহাল যাত্রীরা

নোয়াপাড়া স্টেশনে কেবলে আগুন লাগার সমস্যা মিটতেই ফের থমকে গেল মেট্রো ৷ পয়েন্টের সমস্যার জেরে অধিকাংশ স্টেশনে থমকে রেক ৷

METRO SERVICES DISRUPTED
কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রী ভোগান্তি ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 15, 2025 at 2:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 সেপ্টেম্বর: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে নাজেহাল কলকাতা মেট্রোর যাত্রীরা ৷ সোমবার বেলার দিকে নোয়াপাড়া মেট্রো স্টেশনে কেবলে আগুন ধরে যায় বলে মেট্রো সূত্রে খবর ৷ আর তার জেরে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ৷ সমস্যার সমাধানের পর পরিষেবা শুরু হলেও, এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ একাধিক স্টেশনে মেট্রো থমকে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে পরিষেবা সচল রাখা হয় বলে কলকাতা মেট্রোর একটি সূত্রে খবর ৷

জানা গিয়েছে, বেলা 12টা নাগাদ সমস্যার শুরু হয় ৷ সূত্রের খবর, নোয়াপাড়া স্টেশনে পয়েন্টের কেবলে আগুন ধরে যায় ৷ খবর পেয়ে মেট্রোর ইঞ্জিনিয়ারা ঘটনাস্থলে পৌঁছান ৷ এই সময়ের মধ্যে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ৷ নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে পরিষেবা দেওয়া হলেও, তা অনিয়মিত ছিল ৷

বেলা 12টা 14 মিনিটে নোয়াপাড়ায় পয়েন্টের সমস্যা মিটলে পরিষেবা ফের শুরু হয় দক্ষিণেশ্বরের দিকে ৷ কিন্তু, পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ করেছেন যাত্রীরা ৷ অভিযোগ, একটি মেট্রো দীর্ঘক্ষণ প্রতিটি স্টেশনে দাঁড়িয়ে থাকছিল ৷ ফলে অন্যান্য প্রতিটি মেট্রোতে অস্বাভাবিক ভিড় হয়ে যাচ্ছিল ৷ আর তার জেরে মেট্রোর গেট বন্ধ হতেও সমস্যা হয় ৷ প্রতিটি স্টেশনে প্রায় 3-4 মিনিট করে রেকগুলি দাঁড়িয়ে থাকছিল বলে অভিযোগ ৷

মেট্রোর একটি সূত্রে মেলা খবর অনুযায়ী, শহিদ ক্ষুদিরামে চেঞ্জারের সমস্যা তো রয়েছেই ৷ তার উপর নোয়াপাড়ায় যান্ত্রিক ত্রুটির জেরে অনেকক্ষণ পরপর মেট্রো চলছিল ৷ তার জেরেই প্রতিটি মেট্রোতে যাত্রীদের ভিড় বেড়েছে ৷ তার মধ্যে পুজোর কেনাকাটার জন্য অতিরিক্ত ভিড় রয়েছে ৷ সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে ৷ এই পরিস্থিতিতে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখতে অধিকাংশ স্টেশনে ম্যানুয়াল সিগন্যালিং পদ্ধতিতে রেক চালানো হয় ৷

মোটের উপর সোমবার, সপ্তাহের প্রথম দিনেই হয়রানির শিকার হলেন যাত্রীরা ৷ অফিস পৌঁছতে সমস্যায় পড়লেন অধিকাংশ লোকজন ৷ উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই, ব্যাপক সমস্যা শুরু হয়েছে ব্লু লাইনে ৷ প্রায় প্রতিদিনই কোনও না-কোনও সমস্যা দেখা দিচ্ছে ব্লু লাইনে ৷ আর এই রুটের উপরেই কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ এবং শহরতলির মানুষজন নির্ভরশীল ৷ ফলে নিত্যদিন গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়ছেন যাত্রীরা ৷

এই পরিস্থিতির মধ্যে কলকাতা মেট্রোর ব্লু লাইনের প্রতিটি ডিজিটাল বোর্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ অর্থাৎ, যে ডিজিটাল বোর্ডে ট্রেনের টাইম লেখা থাকে, সেই স্ক্রিন বন্ধ করে রাখা হয়েছে ৷ এর ফলে একটি মেট্রোর পর পরবর্তী রেক কতক্ষণে আসবে, তা জানতে পারছেন না যাত্রীরা ৷ ফলে দীর্ঘক্ষণ ট্রেন না-এলে বাধ্য হয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের ৷ মোটের উপর পুজোর আগে কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রী ভোগান্তি ক্রমশ প্রকট হচ্ছে ৷