পরপর অগ্নিকাণ্ড, শহরে রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদের
কলকাতায় একাধিকবার আগুন লাগার ঘটনা । তাতেই দেখা গিয়েছে সাধারণত খোলা জায়গাগুলি বন্ধ । বিল্ডিং আইন মেনে আজই কড়া নির্দেশ দিলেন মেয়র ।

Published : May 2, 2025 at 6:47 PM IST
কলকাতা, 2 মে: শহরের বুকে প্রায়ই ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে । যার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ছাদ বন্ধ কিংবা ছাদ ঘিরে রেস্তোরাঁ, গুদাম । আগুন লাগলে সিঁড়ি দিয়ে বেরোতে না পারলেও ছাদে গেলে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে পারে দমকল । তবে অধিকাংশ জায়গায় এমন অবস্থা হওয়াতে সেই পথ বন্ধ ।
অতি সম্প্রতি এর জেরেই পাথুরিয়াঘাটা স্ট্রিটের আগুনে দম বন্ধ হয় ভিনরাজ্যের দুই পুরোহিতের মৃত্যু হয়েছে । একের পর এক ঘটনা থেকে শিক্ষা নিয়ে শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন, "কলকাতায় ছাদ ঘিরে কিছু করা যাবে না । ছাদ কমন স্পেস । ফলে আজ থেকে ছাদ ঘিরে তৈরি সব রেস্তোরাঁ বন্ধ । ঘিরে ফেলা অংশ ভেঙে ফেলা হবে । এই মর্মে কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার ধমল জৈনকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে ।"
কলকাতা কর্পোরেশন বিল্ডিং আইন অনুসারে কোনওভাবেই সিঁড়ি বা নিচের তলার অংশ ও ছাদ ঘিরে কিছু করা যায় না । কারণ এই অংশগুলি কমন স্পেস বলে বিবেচিত হয় । তবে বর্তমানে কলকাতার অধিকাংশ বহুতল আগুন লাগার বা ভেঙে পড়ার ঘটনায় নজরে এসেছে সিঁড়ি দখল করে মালপত্র রাখার বিষয়টি । শহরজুড়ে ছাদ ঘিরে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রুফটপ ক্যাফে বা রেস্তোরাঁ । যার ফলে বিপদ আরও বেড়েছে ।
কিছুদিন আগে কসবায় একটি মলে আগুন লাগার ঘটনায় সিঁড়ি দখল করে মালপত্র রাখার জন্য ব্যবহার হত বলে অভিযোগ ওঠে । একইভাবে পাথুরিয়াঘাটা স্ট্রিটে ধর্মশালায় ছাদ তালা দেওয়া থাকায় বেরোতে না পেরে দমবন্ধ হয়ে দু'জনের মৃত্যু হয় । শহরে বেশিভাগ বাণিজ্যিক ভবন এমনকি আবাসিক ভবনের ছাদ দখল করে অন্য কাজ করার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে । যার সবটাই বেআইনি । এর সবক্ষেত্রেই ব্যবস্থা নিতে চলেছে কলকাতা কর্পোরেশন ।
বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আজ নির্দেশিকা জারি করা হচ্ছে নিচের ফাঁকা জায়গা, সিঁড়ি ও ছাদ এইগুলি কমন এলাকা । এগুলো দখল বা বিক্রি কোনওটাই করা যাবে না । বন্ধ করে রাখা যাবে না । রুফটপ ফাঁকা রাখতে হবে । নিচে আগুন লাগলে যাতে তড়িঘড়ি উপর থেকে উদ্ধারকাজ চালানো যায় । ছাদজুড়ে ব্যবসা নয় । ছাদ ঘেরা হলে ভেঙে ফেলা হবে কাঠামো । ছাদ সবার । সেখানে কোনও ব্যবসা নয় । আজ থেকে কলকাতার সব জায়গায় রুফটপ রেস্তোরাঁ বন্ধ ।"

