ধর্ষণ-খুনের রাতে আরজি করে কর্তব্যরত 11 পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের
গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের পুলিশ আউট পোস্টে কর্তব্যরত থাকা কলকাতা পুলিশের মোট 11 জন পুলিশকর্মীকে তলব করল সিবিআই।

Published : March 3, 2025 at 7:28 AM IST
কলকাতা, 3 মার্চ: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের ময়দানে সিবিআই। সিজিও কমপ্লেক্স সূত্রের এবার আরজি কর কাণ্ডে গত 9 অগস্ট আরজি কর হাসপাতালে আউট পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের তলব করল সিবিআই। জানা গিয়েছে, গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের পুলিশ আউট পোস্টে কর্তব্যরত থাকা কলকাতা পুলিশের মোট 11 জন পুলিশকর্মীকে তলব করল সিবিআই।
এই ঘটনা তদন্ত নেমে সিবিআই কলকাতা পুলিশের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ঘটনার রাতে আরজি করে আউট পোস্টে কর্মরত কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের নামের তালিকা। সেই নামের তালিকা দেখেই আজ ও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। মূলত, তাদের বয়ান রেকর্ড করা হবে।
জানা গিয়েছে, দু'দিনে ভাগ করে কর্তব্যরত পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত, তাঁরা জানতে চাইবেন যে, ঘটনার রাতে কর্তব্যরত পুলিশ কর্মীরা কোনও রকমের সন্দেহজনক কিছু দেখেছিলেন কিনা। এছাড়াও, রাতের বেলা হাসপাতালের ভিতর কোনও বহিরাগত ঢুকেছিল কিনা, সেই বিষয়টিতেও কেন্দ্রীয় তদন্তকারীরা স্পষ্ট উত্তর চাইবেন।
গত বছরের 9 অগস্ট সকালে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হাসপাতালে এক মহিলার চিকিৎসকের দেহ। পরে জানা যায় ওই জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রথমে তদন্ত নামে কলকাতা পুলিশ। পরে তারা কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে এই সন্দেহ প্রকাশ করে চিকিৎসক সংগঠনের সদস্যরা। ফলে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআই-এর হাতে।
আরজি করে 'ষড়যন্ত্রের' তদন্ত প্রায় শেষ ! শিয়ালদা আদালতে স্টেটাস রিপোর্ট পেশ সিবিআইয়ের

