ETV Bharat / state

মাঘেই শীত যাওয়ার পূর্বাভাস বঙ্গে !

জাঁকিয়ে শীতের অনুভূতি পাওয়া এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গবাসীর কাছে ৷ এবার সরস্বতী পুজোয় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস ৷

Weather Report of West Bengal
মাঘ মাসেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস বঙ্গে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 30, 2025 at 7:07 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 জানুয়ারি: মাঘের মাঝামাঝি ঠান্ডায় জবুথবু অবস্থা তো দূরে থাক, গায়ে ঘাম জমছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই ঊর্ধ্বমুখী । আলিপুর আবহাওয়া অফিস বলছে, শীতের এমন ভোলবদল আগে কখনও দেখা যায়নি । এই বছর ঠান্ডার অবাধ যাতায়াতে কাঁটা ছড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা । নতুন একটি ঝঞ্ঝার জেরে মঙ্গলবার থেকেই হিমালয় এবং তার পার্শ্ববর্তী অঞ্চল উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি এবং তুষারপাত হয়েছে । এর জেরে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে ।

বাংলাদেশে থাকা একটি ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । এর ফলে উত্তরবঙ্গে একটি অংশে বৃষ্টির সম্ভাবনা । সব মিলিয়ে শীতের দফারফা । এক কথায় বাংলা থেকে মাঘ মাসের শেষেই শীত বিদায় । আগামী তিন দিন বাড়বে তাপমাত্রা । ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলেও, কার্যত শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে । ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সপ্তাহ থেকেই শীত বিদায় নিতে পারে বাংলা থেকে, অনুমান আলিপুর আবহাওয়া অফিসের ।

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ও 19 ডিগ্রির আশেপাশে থাকবে । সকালে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় । বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় । আগামী তিনদিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় । দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে । দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার দাপট চলবে পয়লা ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে । সরস্বতী পুজোর দিনেও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে ৷ কোথাও কোথাও মাঝারি কুয়াশা হতে পারে ।

আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে । পরবর্তী দু'দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই । সরস্বতী পুজোয় কলকাতার তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে । স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকতে পারে পারদ । ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা সামান্য নামলেও কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা আর নেই ।

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 57 শতাংশ ।