ETV Bharat / state

কলকাতায় বিনামূল্যে দাঁতের চিকিৎসা, চালু হচ্ছে 10 পৌর স্বাস্থ্য কেন্দ্রে

ইতিমধ্যেই চোখের সমস্যা নিয়ে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে আরবান প্রাইমারি হেলথ ইউনিটগুলিতে। এবার সেই ভাবেই শুরু হবে দাঁতের চিকিৎসা পরিষেবা।

DENTAL CLINIC KMC
আরবান প্রাইমারি হেলথ ইউনিট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 8:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 জুন: কলকাতার প্রতি ওয়ার্ডে আছে আরবান প্রাইমারি হেলথ ইউনিট। সেখানে জ্বর, সর্দি, কাশি সঙ্গেই একাধিক রোগের চিকিৎসা পান শহরবাসী। এবার সেই তালিকায় জুড়তে চলেছে দাঁতের চিকিৎসা। কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ 10টি আরবান প্রাইমারি হেলথ ইউনিটে বিনামূল্যে দাঁতের নানা ধরনের সমস্যার চিকিৎসা শুরু করতে চলেছে। প্রাথমিক ভাবে 10টি কেন্দ্র খোলা হলেও ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হবে বলেই খবর কর্পোরেশন সূত্রে।

জ্বর, সর্দি কিংবা ম্যালেরিয়া, ডেঙ্গির চিকিৎসার গণ্ডি পেরিয়ে একে একে পরিসর বাড়াচ্ছে কর্পোরেশন। ইতিমধ্যেই চোখের সমস্যা নিয়ে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে আরবান প্রাইমারি হেলথ ইউনিটগুলিতে। এবার সেই ভাবেই শুরু হবে দাঁতের চিকিৎসা পরিষেবা।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, উত্তর কলকাতার একটি বেসরকারি দাঁতের হাসপাতাল সঙ্গে চুক্তি করতে চলেছে কর্পোরেশন। বিনামূল্যে অন্য রোগের চিকিৎসা পরিষেবার সঙ্গেই এবার দাঁতের চিকিৎসা করা হবে। ডায়বেটিস, মানসিক রোগ, ক্যানসার স্ক্রিনিং মতো একাধিক পরিষেবা শুরু হয়েছে কর্পোরেশনের হেলথ সেন্টারগুলিতে। উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রথম কেন্দ্র হতে চলেছে মেয়র পরিষদ সদস্য (স্বাস্থ্য) অতীন ঘোষের 11 নম্বর ওয়ার্ড হেলথ ইউনিটে।

এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, দুই পক্ষের কথা চূড়ান্ত হয়েছে কয়েকদিনের মধ্যেই হবে মৌ সাক্ষর। 10টি কেন্দ্রে প্রথম দফায় এই পরিষেবা দেওয়া হবে। চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে সবটাই দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দিনে দিনে চিকিৎসা পরিষেবার বহর বাড়িয়েছে পৌর স্বাস্থ্য বিভাগ। শুধু চিকিৎসা নয় পরীক্ষা নিরীক্ষা ক্ষেত্রে বেড়েছে বহর। এখন পৌর স্বাস্থ্য কেন্দ্রে সুগার থেকে শুরু করে একাধিক রোগের রক্ত পরীক্ষা হয়। হয় এক্সরে, ইউ এস জি, ইসিজি-সহ একাধিক পরীক্ষা। এমনকি বহু ক্ষেত্রে অনলাইন পরিষেবাও দেওয়া হয়। দেওয়া হয় একাধিক টিকা। দাঁতের চিকিৎসা চালু হলে বহু মানুষ আর্থিক ভাবে উপকৃত হবে বলেই মনে করছেন কর্তারা।

মুহূর্তেই সমস্যার সমাধান ! কলকাতায় তৈরি হচ্ছে পানীয় জলের পাইপলাইনের ডিজিটাল ম্যাপ