ETV Bharat / state

শিয়ালদা-এসপ্লেনেড মেট্রোর উদ্বোধন, বউবাজারে বিক্ষোভ মঞ্চে হাজির ফিরহাদ

শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের জন্য বউবাজার এলাকায় অনেক মানুষ ভিটেহারা হয়েছিলেন ৷ তাঁরা এখনও প্রতিশ্রুতিমতো বাড়ি পাননি ৷ তাঁদের প্রতিবাদ মঞ্চে গেলেন ফিরহাদ ৷

Sealdah to Esplanade Metro Route
বউবাজারে প্রতিবাদী মঞ্চে বউবাজারের ঘরছাড়াদের সঙ্গে মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 22, 2025 at 9:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 22 অগস্ট: বহু প্রতীক্ষিত শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে মেট্রোর চাকা গড়ালো ৷ এর সূচনা করতে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিকে এই রুটে মেট্রো করতে গিয়ে বউবাজারের অনেকেই বাড়িছাড়া হয়েছেন ৷ এদিনই তাঁরা বউবাজারে প্রতিবাদ মঞ্চ করেন ৷ সেখানে শুক্রবার সন্ধ্যায় হাজির হলেন কলকাতা পুরনিগমের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ৷

শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে মেট্রোর জন্য রাস্তা খুঁড়তে গিয়ে বউবাজারের যাঁদের বাড়িঘর ভাঙা পড়েছে, তাঁরা এদিন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের কাছে নতুন পুনর্বাসনের কথা জানান ৷ মন্ত্রীও আশ্বাস দিয়েছেন, আগামী সোমবার কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) আধিকারিকদের কেন্দ্রীয় ভবনে ডেকে বউবাজারে ঘরছাড়া দের ফ্ল্যাট নির্মাণের বিষয়ে আলোচনা করবেন ৷ কবে তাঁরা নিজেদের ঘরে ফিরতে পারবেন, সেই জবাব চাইবেন ৷

বউবাজারে প্রতিবাদী মঞ্চে বউবাজারের ঘরছাড়াদের সঙ্গে মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "নবান্নে মুখ্যসচিবের ঘরে উচ্চস্তরের বৈঠক হয়েছিল ৷ সেখানে কাউন্সিলর বিশ্বরূপ, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই ছিলাম ৷ বৈঠকে ওরা কথা দিয়েছিল যে, এই কাজটা শেষ হলে যাঁরা এখন ঘরছাড়া, তাঁদের আগে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে ৷ তারপর আনন্দের মেট্রোয় চড়ার বিষয় ৷ আজ আশ্চর্য হয়ে গেলাম ৷ এই প্রজেক্টটা আসলে মুখ্যমন্ত্রীর ৷ এটা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ তিনি ঘোলা জলে মাছ ধরলেন ৷ কিন্তু এই মেট্রোর জন্য যাঁরা আজ ঘরছাড়া, তাঁদের ব্যবস্থাটা আগে করা উচিত ছিল ৷ এটা নির্মাণকারী সংস্থার ভুল ৷"

তিনি আরও বলেন, "কলকাতা পুরনিগমের তরফে বাড়ি তৈরির নিয়ম মেনে কিছু ত্রুটি থাকলেও তা আলোচনার সাপেক্ষে মেয়র পরিষদের বৈঠক থেকে অনুমোদন দেওয়া হয়েছিল ৷ আমি ভেবেছিলাম বাড়িগুলি তৈরির কাজ অনেকটা এগিয়ে গিয়েছে ৷ কিন্তু এখন শুনছি একটা মাত্র বাড়ি তৈরির কাজ চলছে ৷ শুনে আমি অবাক হলাম ৷" তিনি জানিয়েছেন, কেএমআরসিএল-এর সদস্যদের আগামী সোমবার কলকাতা কর্পোরেশনে ডেকে পাঠানো হবে ৷ আগামী দিনে মেট্রো চললে এই এলাকার বাড়িগুলির যদি কোনও ক্ষতি হয়, তার জন্য আগামী 10 বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে কেএমআরসিএল-কে ৷

এদিন নরেন্দ্র মোদি শিয়ালদা থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা উদ্বোধন করেছেন ৷ এই রুটেই বউবাজার এলাকার মেট্রো বিপর্যয়ে যে সব বাড়িগুলি ভেঙে পড়েছিল, সেই বিপর্যস্ত বাসিন্দারা কালো পতাকা নিয়ে মঞ্চ তৈরি করেন ৷ সেই বিপর্যয় স্থলেই তাঁরা বিক্ষোভে বসেন ৷ তাঁদের একটাই দাবি, কবে তাঁরা তাদের নিজেদের ভিটে ফিরতে পারবেন ৷ তাদের বুকের উপর দিয়ে মেট্রো রেল যাবে অথচ তাঁরা ভিটেতে ফিরতে পারছেন না ৷

শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো রুটের এই সূচনা মানুষের চোখের জলের সূচনা বলে দাবি করেছেন প্রতিবাদীরা ৷ এদিন প্রতিবাদ জানিয়ে 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে হাতে কালো কাপড় বেঁধে হাজির হন ৷ তিনি এই প্রসঙ্গে অধিবেশনে প্রশ্ন তোলেন ৷ তিনি দাবি করেন, আজকের দিনে চোখের জল ফেলা ভিটেহারা মানুষগুলির সঙ্গে যদি মেয়র সাহেব অথবা তার প্রতিনিধি দল একটিবারের জন্য গিয়ে দেখা করেন, তাহলে তাঁরা খানিকটা আশ্বস্ত হবেন ৷ সেই প্রস্তাব মেনে কলকাতার মেয়র জানান, তিনি সন্ধ্যায় মঞ্চে গিয়ে দেখা করবেন বিপর্যস্ত মানুষগুলির সঙ্গে ৷ কথামতোই তিনি সন্ধ্যায় হাজির হন এবং মঞ্চে সরাসরি বিপর্যস্ত মানুষের সঙ্গে কথা বলেন ৷