ETV Bharat / state

বকেয়া ডিএ-সহ 5 দফা দাবিতে পেন ডাউন কেএমসি’র ইঞ্জিনিয়ারদের

ফ্যাক্টরি আইন অনুযায়ী প্রাপ্য ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালুর দাবি কেএমসি-র ইঞ্জিনিয়ারদের ৷

DA PROTEST AT KMC
বকেয়া ডিএ-সহ পাঁচ দফা দাবিতে পেন ডাউন কেএমসি’র একাংশ ইঞ্জিনিয়ারের ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 4, 2025 at 6:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 জুলাই: সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটেছে অনেকগুলি দিন ৷ তবু, আদালতের নির্দেশমতো মিলছে না হকের বকেয়া মহার্ঘভাতার 25 শতাংশ ৷ অবিলম্বে সেই মহার্ঘভাতা মেটানোর দাবিতে শুক্রবার দুপুরের পর দ্বিতীয় ধাপে পেন ডাউন করল কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়ারদের একাংশ ৷ যেখানে শ্রমিক, কর্মচারী এবং ইঞ্জিনিয়ারদের অন্যান্য দাবিও সামিল রয়েছে ৷

কলকাতা পুরনিগমের হেড অফিস থেকে শুরু করে বরো অফিস ও বিভিন্ন প্ল্যান্টে এই পেন ডাউন করা হয়েছে ৷ এই কর্মসূচির ডাক দিয়েছে কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন ৷

বকেয়া ডিএ-সহ 5 দফা দাবিতে পেন ডাউন কেএমসি’র ইঞ্জিনিয়ারদের ৷ (ইটিভি ভারত)

এ দিন এই সংগঠনের দফতরের সামনে থেকে নিজেদের দাবিগুলির সপক্ষে বিক্ষোভ-মিছিল শুরু করেন ইঞ্জিনিয়াররা ৷ মিছিল কেএমসি-র বিভিন্ন বিভাগে ঘুরে পানীয় জল সরবরাহ বিভাগের ডিজি-র ঘরের সামনে শেষ হয় ৷ সেখানে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন ডিজি-র কাছে ৷ বিক্ষোভ-মিছিল থেকে স্লোগান তোলা হয় পেন ডাউনের সমর্থনে ৷

DA Protest at KMC
কেএমসি-তে পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মী ও ইঞ্জিনিয়ারদের ৷ (নিজস্ব ছবি)

ইঞ্জিনিয়ারদের দাবি ছিল, বকেয়া মহার্ঘভাতা অবিলম্বে দিতে হবে ৷ রাজ্য সরকারের মতো কলকাতা পুরনিগমের কর্মী ও ইঞ্জিনিয়ারদের লিভ ট্রাভেল কনসেশন দিতে হবে ৷ পঞ্চায়েত কর্মীদের মতো পুরকর্মীদের অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে ৷ ফ্যাক্টরি আইনের অধীনে শ্রমিক, কর্মচারী ও এসএই-দের অধিকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুনরায় প্রতিষ্ঠা করতে হবে ৷ কলকাতা পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের শূন্যপদের 65 শতাংশ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মধ্যে থেকে প্রোমোশনের মাধ্যমে পূরণ করতে হবে ৷

DA Protest at KMC
পেন ডাউন কর্মসূচিতে অংশ কলকাতা পুরনিগমের কর্মীদের ৷ (নিজস্ব ছবি)

দীর্ঘদিনের দাবিগুলির সপক্ষে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়ারদের এই বাম সংগঠনটি ৷ এমনকি পেন ডাউনের হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা ৷ সেই মতোই এ দিন দ্বিতীয় ধাপে দুপুর থেকে পেন ডাউন করেন কর্মী ও ইঞ্জিনিয়াররা ৷

DA Protest at KMC
ডিএ ও পাঁচ দফা দাবিতে কেএমসি-তে কর্মী এবং ইঞ্জিনিয়ারদের পেন ডাউন কর্মসূচি ৷ (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "আমরা কলকাতা কর্পোরেশনের কর্মীরা দীর্ঘদিন বকেয়া ডিএ দেওয়া-সহ পাঁচ দফা দাবি করে চলেছি ৷ পঞ্চায়েত কর্মীরা পর্যন্ত রাজ্য সরকারি স্বাস্থ্যবিমার টাকা পান ৷ আমরা পুরকর্মীরা সেই সুযোগ পাই না ৷ এদিকে আমাদের মেয়র তিনি নিজেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ৷ এই দাবিগুলি সামনে রেখে আজকের এই পেন ডাউন কর্মসূচি ৷"