ETV Bharat / state

জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন 5 লক্ষ মানুষ, কেএমসি শার্প প্রজেক্টে নিকাশিতে 2400 কোটি বরাদ্দ

কলকাতা পুরনিগমের অনুমান, কলকাতার সংযুক্ত এলাকায় নিকাশির কাজ হলে উপকৃত হবেন 5 লক্ষাধিক বাসিন্দা ৷ পুজোর পর কেএমসি শার্প প্রজেক্টের কাজ শুরু হবে ৷

KMC SHARP PROJECT
কেএমসি শার্প প্রজেক্টে 2400 কোটি টাকা বরাদ্দ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 5:23 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অগস্ট: কলকাতার সংযুক্ত এলাকায় নিকাশির কাজের জন্য নতুন প্রকল্প নিল কলকাতা পুরনিগম ৷ যার নাম কেএমসি শার্প প্রজেক্ট ৷ এতে 2400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ ওই টাকায় নিকাশির কাজ হলে মিলবে জলযন্ত্রণা থেকে মুক্তি ৷ উপকৃত হবেন মহানগরের পাঁচ লক্ষ বাসিন্দা ৷

মূল শহরের নিকাশি ব্যবস্থার উন্নতিতে কাজ হয়েছে আগেই ৷ তবে সংযুক্ত এলাকার নিকাশি ব্যবস্থার হাল খুবই শোচনীয় ছিল শহরে । কেইআইপি, কেইআইআইপি দুই প্রজেক্টের মাধ্যমে অনেকটাই নিকাশি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে । এবার বাকি অংশে পরিকাঠামো তৈরির কাজ হবে কেএমসি শার্প প্রজেক্টে ।

KMC SHARP PROJECT
কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)

কী এই কেএমসি শার্প প্রজেক্ট ?

কলকাতা পুরনিগম একটি নতুন প্রকল্প শুরু করছে ৷ যার নাম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সাসটেইনেবিলিটি হাইজিন রেজিলিয়েন্স (সেক্টর) প্রজেক্ট বা কেএমসি শার্প । এই প্রজেক্টে কলকাতার পুর পরিষেবা উন্নতিকল্পে কাজ হবে । মূলত নিকাশি ব্যবস্থা, জঞ্জাল সাফাই পরিকাঠামো, পানীয় জল সরবরাহ, পরিবেশ উন্নয়ন এই বিষয়গুলি নিয়ে কাজ হতে চলেছে । আদতে কলকাতায় এই শার্প প্রজেক্ট নিকাশি পরিকাঠামোকেই বাস্তবায়িত করবে । এই প্রকল্পে নতুন নিকাশি পাইপলাইন তৈরি হবে । নিকাশি জল পরিশোধন কেন্দ্র তৈরি হবে । মূলত এই টাকার অধিকাংশই এডিবি ঋণের ।

কোন কোন ওয়ার্ডে কাজ ?

এই প্রজেক্টে সংযুক্ত এলাকার 108, 109, 127, 142, 143 নম্বর ওয়ার্ডে নিকাশির পরিকাঠামো তৈরি হবে । যার জন্য 2400 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রজেক্টে । আর তার সিংহভাগ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ হিসেবে অনুমোদন দিয়েছে । এই প্রজেক্ট বাস্তবায়ন করবে কলকাতা পুরনিগম ।

পুরনো কলকাতার 100টি ওয়ার্ড বাদ দিলে 101 থেকে 144 ওয়ার্ডে পরবর্তী সময় নানা ধরনের পুর পরিষেবা গঠিত হয়েছে । এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ নিয়ে একাধিক প্রজেক্ট হয়েছে । কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট বা (কেইআইআইপি) ট্রাঞ্চ-3 কাজ শেষ হয়েছে । কিছু অংশে রাস্তা মেরামতির কাজ বাকি ৷ সমস্তটা ঠিকঠাক থাকলে মাস দুই সময় লাগবে সেই কাজ শেষ হতে ।

নয়া আরেকটি প্রজেক্ট

পুজোর পর থেকে এই নতুন প্রজেক্টের আওতায় থাকা কাজকর্ম শুরু হবে । পাঁচটি ওয়ার্ডে কাজ হবে । মূলত এই প্রজেক্টে নিকাশি কাজই হবে । বেহালা, ঠাকুরপুকুর, ইএম বাইপাস, জোকা, যাদবপুর এই এলাকাগুলিতে কাজ হবে । কাজটি কয়েকটি ধাপে হবে । এই প্রজেক্টের কাজ শেষ হলে নতুন আরেকটি প্রজেক্ট হবে ।

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "পুজোর পর্ব মিটলেও নির্দিষ্ট এলাকাগুলিতে প্রাথমিক কাজকর্ম শুরু হয়ে যাবে । কেইআইআইপি প্রজেক্টে যতটা কাজ হয়েছে তারপর থেকে বাকি কাজ হবে । নিকাশি পাইপ লাইন পাতা, বড় রাস্তা থেকে অলিগলি লাইন পাতা থেকে বাড়ির সঙ্গে সংযুক্ত করা । নিকাশি জল পরিশোধন কেন্দ্র তৈরি হবে । কাজটি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি বৈঠক করেন উন্নয়ন ভবনে । এই কাজ হলে কমবেশি পাঁচ লক্ষাধিক মানুষ জমা জলের যন্ত্রণা বা নিকাশি সমস্যা থেকে মুক্তি পাবে । পাশাপশি সেপটিক ট্যাঙ্কের সংখ্যা কমানো যাবে । ফলে পরিবেশের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে ।"