মীনাক্ষীর আঁচল ধরে হাঁটছেন সেলিম, বিস্ফোরক কল্যাণ
সিপিআইএময়ের দিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কটাক্ষ করেন মহম্মদ সেলিমকে ৷

Published : February 23, 2025 at 1:04 PM IST
ডানকুনি, 23 ফ্রেব্রুয়ারি: সিপিআইএমের রাজ্য সম্মেলনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সম্মেলনে সিপিআইএম মহিলাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ায় কল্যাণের কটাক্ষ, "মীনাক্ষীর আঁচল ধরে হাঁটছেন মহম্মদ সেলিম ৷" তৃণমূল সাংসদ খুব জোর দিয়ে দাবি করেন যে, ছাব্বিশের লড়াইতেও শূন্যই থাকবে সিপিআইএম ৷ তৃণমূলের সঙ্গে কিছুটা লড়াই হবে বিজেপির ৷
ডানকুনি হাউজিংয়ে তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে এসে সিপিআইএম-কে কড়া ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সিপিআইএময়ের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে একহাত নিয়ে তিনি বলেন, "2021 সালে চণ্ডীতলা বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন সেলিম । তাঁকে জামানত বাজেয়াপ্ত করে পাঠিয়ে দিয়েছি ।"
সিপিআইএম কিছু ভোট পেলে তাতে আখেরে তৃণমূলের ভালো হবে কি না, এই প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ বলেন, "পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে সিপিআইএম ও কংগ্রেস শূন্য হয়ে গিয়েছে । বিজেপিও ডাউন হয়ে গিয়েছে । আমাদের ভালো করার জন্য কিছু করতে হবে না । ওরা নিজেদের ভালো করুক ।"

সিপিআইএমের রাজ্য সম্মেলন আয়োজনস্থলের বাইরে হুগলির বিভিন্ন মনীষী ও ধর্মস্থানের ছবি দিয়ে সাজানো হয়েছে । সে প্রসঙ্গে কল্যাণ বলেন, "ওরা যে বলে ধর্ম আমরা মানি না । তাহলে কি এখন থেকে মানতে শুরু করেছেন । এখন কি বুঝতে পারছেন যে, ধর্ম বলে একটা জিনিস আছে । তাকে মান্নতা দেওয়া উচিত । লেনিন, মার্কসের ছবি দিয়ে এখন আর কিছু হবে না । সেটা ওরা বুঝে গিয়েছে তো ?"

কল্যাণের কটাক্ষ, "সিপিআইএম পার্টিটাই উঠে গিয়েছে । এখন বিল বানানোর জন্য ছবি তুলছে । গরিব, মধ্যবিত্ত কেউ ওদের পাশে নেই । সিঙ্গুর ও নন্দীগ্রামে কৃষকদের বিরোধিতা করতে গিয়ে সিপিএম দলটাকে তুলে দিয়েছে । এরপর তারা কংগ্রেসের লেজুড় হয়ে গিয়েছে ।"
উল্লেখ্য, সিপিআইএম নেতারা রাজ্য সম্মেলনে বলেছেন যে, আজ রাজ্যে শিল্প নেই ৷ সে প্রসঙ্গে সাংবাদিকদের সামনে তৃণমূল সাংসদ বলেন, "2008 সাল থেকে শিল্প শিল্প করে সেই ভাঙা ক্যাসেট বাজাচ্ছে । আর কতদিন বাজাবে । আমাদের পরিষ্কার কথা ৷ আমরা কৃষকদের স্বার্থ রক্ষা করব । তবে শিল্পের বিরুদ্ধে আমরা নই ৷"

