কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সৌমেন সেন
সোমবার অবসর গ্রহণ করছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সৌমেন সেন ৷

Published : September 15, 2025 at 3:01 PM IST
কলকাতা, 15 সেপ্টেম্বর: অস্থায়ীভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি সৌমেন সেন ৷ কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অবসর গ্রহণ করার পর থেকে বিচারপতি সৌমেন সেন সেই দায়িত্ব গ্রহণ করবেন ৷
বিচারপতি টিএস শিবজ্ঞানম 2021 সালের 25 অক্টোবর মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৷ পরে 2023 সালের 11 মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হন তিনি ৷ এই মুহূর্তে বিচারপতি সৌমেন সেন-ই কলকাতা হাইকোর্টের প্রবীণতম বিচারপতি ৷ যদিও তাঁকে ইতিমধ্যে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম ৷ এরই মধ্যে জানা গেল আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়ভার পালন করবেন বিচারপতি সৌমেন সেন ৷

1990 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জন করেন ৷ ওই বছর তিনিই ছিলেন সর্বোচ্চ নম্বর প্রাপক ৷ এরপর 1991 সালে রাজ্য বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন ৷ দীর্ঘ কুড়ি বছর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার পর 2011 সালের 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৷
সুদীর্ঘ এই অভিজ্ঞতার কারণে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে ৷ বিচারপতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে জড়িত ছিলেন বিচারপতি সৌমেন সেন ৷ শুধু তাই নয়, প্রাক্তন বিচারপতি (অধুনা সাংসদ) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অতীতে দ্বন্দ্বেও জড়িয়েছিলেন তিনি ৷ তার জেরে শিক্ষায় নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন ৷ দুই বিচারপতির এই সংঘাত সুপ্রিম কোর্টে পৌঁছয় ৷
অন্যদিকে, বিচারপতি সৌমেন সেনের পরই কলকাতা হাইকোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল ৷ কিছুদিন আগে তিনি তেলেঙ্গানা হাইকোর্ট থেকে বদলি হয়ে কলকাতা হাইকোর্টে এসেছেন ৷
এমতাবস্থায় বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বলে মনে করছেন প্রবীণ আইনজীবীদের একটা বড় অংশ ৷ এরই মধ্যে নির্দেশিকা জারি করে নিজেদের সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার ৷ তবে সুপ্রিম কোর্ট কলেজজিয়ামের সুপারিশ ও সর্বোপরি কেন্দ্রীয় আইন মন্ত্রকের ছাড়পত্র না-পাওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় ৷

