ETV Bharat / state

পহেলগাঁও-কাণ্ডে জঙ্গিদের হাতে আপনার ফোন ! ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ প্রতারণা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় যোগ মিলেছে বলে ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেস্ট ৷ জলপাইগুড়ির ব্যবসায়ীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতাল প্রতারকরা ৷

ETV BHARAT
প্রতারণার টাকা উদ্ধার করল জলপাইগুড়ি পুলিশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 12:46 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 1 অগস্ট: আমরা মহারাষ্ট্র পুলিশ ৷ পহেলগাঁও জঙ্গি হামলায় আপনার মোবাইল নম্বর জঙ্গিরা ব্যবহার করেছে । সেই কারণে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে ৷ ভিডিয়ো কলের ওপারের ব্যক্তি একথা বলায় মাথায় আকাশ ভেঙে পড়েছিল জলপাইগুড়ির ব্যবসায়ী ঝন্টু বোসের । এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করা হয় ৷ প্রতারকদের এই ফাঁদে পা দিয়ে 15 লক্ষ টাকা খোয়ালেন ঝন্টু ৷ যদিও পরে পুলিশে অভিযোগ করলে, জলপাইগুড়ি সাইবার থানার তৎপরতায় তাঁর 11 লক্ষ 50 হাজার টাকা ফিরে পেয়েছেন ওই ব্যবসায়ী ৷

উদ্ধার হওয়া টাকা তাঁর হাতে তুলে দেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কম্বোডিয়া থেকে ব্যবসায়ীকে ফোন করে প্রতারকরা টাকা হাতিয়েছিল । অভিযুক্তদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

ETV BHARAT
জলপাইগুড়ি সাইবার থানা (নিজস্ব চিত্র)

জলপাইগুড়ির ব্যবসায়ী ঝন্টু বোস জানান, "মহারাষ্ট্র পুলিশ থেকে ভিডিয়ো কল করে বলা হয়, আমি নাকি পহেলগাঁও জঙ্গি হামলায় সঙ্গে জড়িত ৷ কারণ আমার মোবাইল নম্বর জঙ্গিরা সেদিন ব্যবহার করেছে । বলা হয়েছিল, আপনাকে সাতদিন ডিজিটাল অ্যারেস্ট করা হল । ভিডিয়ো কল করে আমাকে আমার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সব দেখায় ওরা । এতেই আমি আরও ভয় পেয়ে যাই । দিন সাতেক আমাকে বাড়িতে হাউজ অ্যারেস্ট করা হয় । ওরা বলে, আমি যদি টাকা দিই, তবেই এই ঝামেলা থেকে মুক্তি পাব । যদি টাকা না-দিই তাহলে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে । তখন আমার ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে 15 লক্ষ টাকা RTGS করে ওদের পাঠাই ।"

তিনি আরও জানান, "এরপর আবারও টাকা পাঠাতে বলে ওরা । আমি নতুন বাড়ি বানাচ্ছিলাম, আমাকে বলা হয় বাড়িটাও বন্ধক দিয়ে টাকা দাও । এরপর আমি সাইবার ক্রাইমে অভিযোগ করি । পুলিশ আমার টাকা উদ্ধার করে দেয় । আমি সেই সময় বাড়ির কাউকে কিছু বলতে পারিনি । চুপ করে ছিলাম ।"

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে জানান, "সাইবার প্রতারণা ভয় দেখিয়ে বেশি করা হচ্ছে । জেলায় একটি কেস সামনে এসেছে । সম্প্রতি কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে । জলপাইগুড়ির এক বাসিন্দাকে প্রতারকরা ভিডিয়ো কল করে বলেন, পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে, তাতে জঙ্গিরা যে মোবাইল নম্বর ব্যবহার করেছিল, সেই নম্বরটা ঝন্টু বোসের আছে । এই বলে তাঁকে ভয় দেখানো হয় । এরপর তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে দাবি করে ওরা । এই কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিল । আমাদের কাছে অভিযোগ আসার পরেই তদন্তে নেমে যে অ্যাকাউন্টে টাকা গিয়েছিল, সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে 11 লক্ষ 50 হাজার টাকা উদ্ধার করেছি । আজ আমরা তিনটি কেসে টাকা উদ্ধার করে দিয়েছি ।"

এই নিয়ে মানুষের সচেতন হওয়াটা জরুরি বলে জানান খাণ্ডবাহালে ৷ তাঁর কথায়, "আমরা সাইবার প্রতারণার যতগুলো সচেতেনতা শিবির করি, তাতে আমরা জানাই সাইবার প্রতারণা যত হচ্ছে, তার মধ্যে তিনটি কারণ বেশি উঠে আসছে । একটি ভয় দেখানো, একটি হল লোভ দেখানো আর একটি ভালোবাসা । চেষ্টা করছি সচেতেনতা বৃদ্ধি করার এবং অপরাধীদের গ্রেফতার করার । আমরা এটাই বলছি, কাউকে এইভাবে ভয় পাবেন না । এমন কিছু হলেই স্থানীয় পুলিশকে জানান । আমরা এই চক্রটিকে ধরার চেষ্টা করছি ।"