ETV Bharat / state

হাসপাতাল থেকে ছুটি পেলেন যাদবপুরের উপাচার্য, থাকবেন বিশ্রামে

নিয়মিত বেশ কিছু ওষুধ চলবে বলেই হাসপাতালের তরফে বলা হয় । পাশাপাশি বাড়িতে 15 দিনের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে ।

Jadavpur University Vice Chancellor Bhaskar Gupta Discharged from Hospital
হাসপাতাল থেকে ছুটি পেলেন যাদবপুরের উপাচার্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 4:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 মার্চ: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত । রবিবার দুপুরে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি । তবে হাসপাতাল থেকে পেলেও তাঁকে থাকতে হবে বিশ্রামে । এই মুহূর্তে কোনওরকম উত্তেজনা তাঁর শরীরের জন্য ভালো নয় । পাশাপাশি নিয়মিত বেশ কিছু ওষুধ চলবে বলেই হাসপাতালের তরফে বলা হয় । হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁর স্ত্রী কেয়া গুপ্ত বলেন, ‘‘এখন হাসপাতাল থেকে ছাড়া হলেও বেড রেস্ট দরকার । বাড়িতে 15 দিনের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে । কোনও ধরনের অনলাইন বা অফলাইনে বৈঠক নয় ।’’

অতিরিক্ত রক্তচাপের ফলে বুধবার মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য । সেখানে চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর । রক্তচাপের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল । পাশাপাশি ঘুমও কম হচ্ছিল উপাচার্যের । সঙ্গে পা’য়েও যন্ত্রণা ছিল । একাধিক সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন । তারপরেই উপাচার্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল । তবে সমস্ত রিপোর্টই ভালো আসে । তারপর ফিজিওথেরাপি শুরু করা হয়েছিল । ওষুধের মাধ্যমে রক্তচাপকেও স্বাভাবিক করা হয়েছে ।

চার বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত । তখন এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েই তাঁর চিকিৎসা হয়েছিল । তাই এবারে রক্তচাপের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আবার চিন্তা তৈরি হয়েছিল । কারণ এই ধরনের রোগীর রক্তচাপের পরিমাণ বেড়ে গিয়ে আবারও স্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা যায় । তাই এবারে রক্তচাপ বাড়ার পর আর অপেক্ষা করা হয়নি । দেরি না-করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । এমনকী অসুস্থ উপাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও । পাশাপাশি অসুস্থ উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন আহত ছাত্রের বাবাও । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রীরাও উপাচার্যকে দেখতে হাসপাতালে যান ।

আরও পড়ুন