ETV Bharat / state

বই কিনে বহনের ঝক্কির দিন শেষ, পার্সেল বুকিং পরিষেবা নিয়ে বইমেলায় হাজির ডাক বিভাগ

ইনস্ট্যান্ট মাই স্ট্যাম্প ও স্পেশাল ক্যালেন্ডারও পাওয়া যাচ্ছে ভারতীয় ডাক বিভাগের স্টলে ৷

KOLKATA BOOK FAIR 2025
বই কিনে বহনের ঝক্কির দিন শেষ, পার্সেল বুকিং পরিষেবা নিয়ে বইমেলায় হাজির ডাক বিভাগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 29, 2025 at 9:33 PM IST

|

Updated : January 29, 2025 at 10:52 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 জানুয়ারি: বইপ্রেমীদের জন্য সুখবর । 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে কেনা বই সরাসরি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে । ভারতীয় ডাক বিভাগের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

শুধু নিজের বাড়িতেই নয়, দূর দূরান্তের বন্ধুবান্ধবকে কলকাতা বইমেলা থেকেই পছন্দের বই কিনে পাঠিয়ে দিতে পারবেন । তার জন্য অন্য কোনও বেসরকারি সংস্থা বা ভারতীয় ডাক বিভাগের অফিসে যেতে হবে না । কলকাতা বইমেলারই ডাক বিভাগের 291 নম্বর স্টলে যেতে হবে ।

KOLKATA BOOK FAIR 2025
কলকাতা বইমেলায় ডাকবিভাগের স্টলে ভিড়৷ (নিজস্ব চিত্র)

সেখানেই পার্সেল বুকিং সিস্টেমে নির্ধারিত ঠিকানায় বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে । বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার স্টলের উদ্বোধন করেন । তার পর থেকেই মিলছে এই পরিষেবা ৷

ডাক বিভাগের দক্ষিণবঙ্গ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, "আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে ভারতীয় ডাক বিভাগ দু’টি গুরুত্বপূর্ণ সেবা নিয়ে হাজির হয়েছে । মেলায় আগত সমস্ত বইপ্রেমীরা যত খুশি বই কিনুক । কিন্তু তার ভার তাদের বইতে হবে না । বারবার দায়িত্ব নেবে ভারতীয় ডাক বিভাগ ।’’

KOLKATA BOOK FAIR 2025
কলকাতা বইমেলায় ডাকবিভাগের স্টল (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘পার্সেল বুকিং-এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় বই পৌঁছে দেওয়া হবে নির্ধারিত সময়ে । শুধু নিজের ঠিকানা নয়, শহরের কলকাতার বাইরে কিংবা ভিনরাজ্যেও থাকা প্রিয়জনের কাছে পছন্দের বই পৌঁছে দেবে ডাকবিভাগ । অন্যান্য বেসরকারি সংস্থা থেকে যথেষ্ট কম টাকায় এই পরিষেবা পাওয়া যাবে । আমরা চাই বই উপহার দেওয়ার রীতিটা আবারও ফিরে আসুক ।’’

KOLKATA BOOK FAIR 2025
কলকাতা বইমেলায় ডাকবিভাগের স্টলে ভিড়৷ (নিজস্ব চিত্র)

ঋজু গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘‘একই রকমভাবে যারা ডাক টিকিট সংগ্রহ করেন, তাদের জন্য নানারকম ডাকটিকিট এখান থেকেই পাওয়া যাচ্ছে । ঠিক তেমনি ‘মাই স্ট্যাম্পের’ জায়গায় দাঁড়িয়ে তৈরি করে নিয়ে যেতে পারবেন যে কেউ । নিজের ছবি বা পছন্দের ছবি লাগিয়ে মাই স্ট্যাম্প তৈরি করে নিয়ে যেতে পারবেন যে কেউ । এমনকি এই বইমেলাতে এসে তোলা ছবি দিয়েও মাই স্ট্যাম্প তৈরি করে দেওয়া যাবে ।"

KOLKATA BOOK FAIR 2025
কলকাতা বইমেলায় ডাকবিভাগের স্টল (নিজস্ব চিত্র)

ভারতীয় ডাক বিভাগ সূত্রের দাবি, এই প্রথমবার ভারতীয় ডাক বিভাগের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে । কলকাতা বইমেলাতে ইনস্ট্যান্ট মাই স্ট্যাম্প তৈরি করার সুযোগ থাকছে । তবে ,পার্সেল বুকিং-এর বিষয়টি গত বছর আনুষ্ঠানিকভাবে কলকাতা বইমেলাতে চালু করা হয়েছিল ।

অন্যদিকে এই পরিষেবা পেয়ে মেলায় আসা বইপ্রেমীরা অনেকটাই খুশি । কেউ মাই স্ট্যাম্প তৈরি করে নিয়ে যাচ্ছেন তো, কেউ কিনে নিয়ে পছন্দের যাচ্ছেন ক্যালেন্ডার । একইভাবে জিপিও-র ছবি লাগানো টি-শার্টও পাওয়া যাচ্ছে ।

অন্যদিকে কলকাতা বইমেলা অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মঙ্গলবার ৷ এখনও সব স্টল সেজে ওঠেনি । আজ সকাল থেকে বহু স্টলের অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । আগামিকাল, বৃহস্পতিবার উদ্বোধন রয়েছে বেশ কিছু স্টলের । কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ-সহ বিভিন্ন সরকারি দফতরের স্টলে মানুষ ভিড় জমাচ্ছেন ৷ পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টলেও যাচ্ছেন বইপ্রেমীরা ৷ এছাড়া কাশ্মীরি ড্রাই ফুড থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকানগুলোতে ভিড় রয়েছে দুপুর থেকেই ।

Last Updated : January 29, 2025 at 10:52 PM IST