বেলডাঙার প্রাথমিকে ডিজিটাল অ্যাটেনডেন্স, পড়ুয়াদের পরিচয়পত্রে থাকছে সমাজ সচেতনতার বার্তা
অ্যাপের মাধ্যমে পড়ুয়াদের ডিজিট্যাল অ্যাটেন্ডেন্সের তথ্য সংগ্রহ ৷ অ্যাপের সাহায্যেই অভিভাবকদের কাছে পৌঁছে যাবে পড়াশোনা সংক্রান্ত সব তথ্য ৷

Published : August 1, 2025 at 7:53 PM IST
বেলডাঙা, 1 অগস্ট: প্রথম চালু হয়েছিল সুন্দরবন এলাকার বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৷ এবার সেই এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু করল মুর্শিদাবাদের বেলডাঙা আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় ৷ স্কুলের পরিচয়পত্র বা আইডি কার্ড স্ক্যানিং মেশিনের সামনে রাখলেই পড়ুয়াদের উপস্থিতির তথ্য রেকর্ড হয়ে যাবে সিস্টেমে ৷
বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ সেই অ্যাপ ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করল ৷ সঙ্গে পড়ুয়াদের পরিচয়পত্রে জুড়ে দেওয়া হল বিভিন্ন সচেতনতামূলক বার্তা ৷ যেখানে তুলে ধরা হয়েছে, স্টপ চাইল্ড ম্যারেজ, সেভ ওয়াটার-সেভ লাইফ, মিশন নির্মল বাংলা, গাছ লাগাও-প্রাণ বাঁচাও, সেফ ড্রাইভ-সেভ লাইফের মতো সচেতনতার বার্তা ৷
এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের তথ্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নথিভুক্ত হচ্ছে ৷ যেখানে পড়ুয়ারা স্কুলে পৌঁছে ডিজিটাল স্ক্যানিং মেশিনে কার্ড ছোঁয়ালেই, সঙ্গে-সঙ্গে অ্যাপে তাঁদের ওইদিনের উপস্থিতি রেকর্ড হয়ে যাবে ৷ এমনকি অভিভাবকদের কাছেও মেসেজ চলে যাবে ৷ যাতে অভিভাবকরা জানতে পারবেন, তাঁদের সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে ৷ স্কুলের কাছে যেমন সেই অ্যাপ থাকবে, তেমনই প্রত্যেক অভিভাবকের মোবাইল ফোনেও সেই অ্যাপ দেওয়া হচ্ছে স্কুলের তরফে ৷

তবে, শুধু উপস্থিতি নয় ৷ পড়ুয়াদের পরীক্ষার দিন ও সময়সূচি, পরীক্ষার মূল্যায়নপত্র, ছুটি সংক্রান্ত তথ্য, অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎকার এবং বিশেষ দিনের বার্তাও পৌঁছে যাবে অভিভাবকদের কাছে ৷ এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বেলডাঙা আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে ৷
সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিদ্যালয় পরিদর্শক অপর্ণা মণ্ডল, সহকারী বিদ্যালয় পরিদর্শক অভিক মণ্ডল, বেলডাঙা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মণ্ডল-সহ আরও অনেকে ৷ এর পাশাপাশি, স্কুলের প্রতি শ্রেণিতে পঠনপাঠনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় ৷ এর বাইরে ছবি আঁকা, অভিনয়, কবিতা পাঠ-সহ নানান বিষয়ে সেরাদেরও পুরস্কার দেওয়া হয় ৷

