ETV Bharat / state

জ্বলছে নেপাল, ভারত সীমান্তে জারি হাই-অ্যালার্ট; শুরু নাকা তল্লাশি

নেপালের আন্দোলনের আঁচ যেন সীমান্তবর্তী রাজ্যগুলিতে না-পড়ে তার জন্য সতর্ক ভারত সরকার ৷ থমথমে পরিবেশ ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ।

India issues alert on Nepal border
ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে নাকা তল্লাশি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 9, 2025 at 2:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং, 9 সেপ্টেম্বর: অশান্ত নেপাল । ছাত্র-যুবর আন্দোলনে উত্তাল প্রতিবেশী দেশ । পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনও পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে । আহত অন্তত 300 আন্দোলনকারী । এই অবস্থায় নেপালের কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী-সহ মোট নয় জন ইতিমধ্যেই পদত্যাগ করছেন । এমতাবস্থায় সতর্ক ভারত সরকার ৷ ইতিমধ্যেই ভারত-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই-অ্যালার্ট ৷ শুরু হয়েছে নাকা তল্লাশি ৷

নেপালের আন্দোলনের আঁচ যেন সীমান্তবর্তী রাজ্যগুলিতে না-পড়ে তার জন্য সতর্ক ভারত সরকার ৷ থমথমে পরিবেশ ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে । কোনওভাবেই নেপালের আন্দোলনের জের এদেশে ছড়িয়ে না-পড়ে, সে জন্য একাধিক ব্যাবস্থার উপর জোর দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ।

ভারত-নেপাল সীমান্তে জারি হাই-অ্যালার্ট (ইটিভি ভারত)

নেপালের সঙ্গে ভারতের প্রায় 1,751 কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত রয়েছে ভারতের পাঁচটি রাজ্য উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ । নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পাঁচ রাজ্যেই সীমান্তে তৎপরতা বেড়েছে ।

নেপাল যে যুবদের আন্দোলনে জ্বলছে, তা সীমান্ত থেকেই স্পষ্ট । নেপালের বিরতামোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন আন্দোলনকারীরা। সেখানেও মৃত্যু হয়েছে দু'জনের । যে কারণে কোনরকম ঝুঁকি না-নিয়ে সীমান্তে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে । ভারত-নেপাল সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা । মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী । প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট।

India issues alert on Nepal border
পানিট্যাঙ্কিতে টহল দিচ্ছেন এসএসবি জওয়ানরা (ইটিভি ভারত)

মঙ্গলবার সকাল থেকেই নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ । যেখানে প্রতিদিন সীমান্ত দিয়ে দিনে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ পারাপার করত, সেখানে এদিন যেন থমথমে পরিবেশ । হাতেগোনা দু-একটি গাড়ি পারাপার করছে । সীমান্ত পারাপারে প্রত্যেক গাড়িকে তল্লাশি করা হচ্ছে । নামানো হয়েছে ডগ স্কোয়াড । প্রত্যেক গাড়ির চালকের নাম, যাত্রীর নাম-সহ অন্যান্য তথ্যসংগ্রহ করছে পুলিশ। সীমান্তের দু'পারেই আটকে রয়েছে শয়ে শয়ে ট্রাক । ভারতের প্রায় শতাধিক ট্রাক চালক নেপাল সীমান্তে আটকে রয়েছে । এছাড়াও রয়েছে বহু পর্যটক। এমত অবস্থায় নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য চব্বিশ ঘণ্টা কন্ট্রোলরুম চালু করেছে দার্জিলিং জেলা পুলিশ । এদিন সকাল থেকেই ভারত-নেপাল পানিট্যাঙ্কি সীমান্তর পরিস্থিতি যাচাই করেন দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীন প্রকাশ।

India issues alert on Nepal border
কাঁকরভিটা সীমান্ত (ইটিভি ভারত)

এদিন সীমান্ত পরিদর্শন করে প্রবীন প্রকাশ বলেন, "আমরা সীমান্তে নাকা তল্লাশি শুরু করেছি । এপারে যদিও কোন অশান্তি নেই । তবে আমরা সতর্ক রয়েছি ৷ নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে । এসএসবিও সতর্ক রয়েছে। নেপালে কোনও ভারতীয় সমস্যায় পড়লে দার্জিলিং জেলা পুলিশের হেল্পলাইনে ফোন করলে আমরা যথাসম্ভব সাহায্য করব ।"

অন্যদিকে, ওপার থেকে আসা পর্যটক থেকে শুরু করে ভারতীয়দের চোখেমুখে আতঙ্কের ছাপ। আন্দোলনকারীদের চাপ, পুলিশের গোলাগুলি, লাঠিচার্জ, জলকামান এসব উত্তেজনাকর পরিস্থিতি দেখে যতদ্রুত সম্ভব নেপাল ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন সেখানে আটকে থাকা ভারতীয়রা । হাওড়ার আমতার বাসিন্দা মলয় দত্ত বলেন, "নেপালে পরিস্থিতি খুবই খারাপ । ক্রমশ খারাপ হচ্ছে । কাঠমান্ডুতে ছিলাম । পরিস্থিতি খারাপ দেখে ফিরে আসতে হল ।"

Nepal violence
জ্বলছে নেপাল (ছবি-এপি)

নেপালে সোশাল মিডিয়া বন্ধ হওয়ায় প্রতিবাদে পথে নামে দেশের ছাত্র-যুবরা । যুবাদের বিদ্রোহ জ্বলে ওঠে নেপাল ৷ তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু । পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায় । তাতে মৃত্যু হয় অন্তত 19 জন বিক্ষোভকারীর । পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয় মঙ্গলবার সকালে ৷ এদিন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে ৷ চাপের মুখে নতিস্বীকার করে দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি ৷