গ্রীষ্মের আগমনে চড়ছে পারদ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
West Bengal Weather Update: সবে মার্চ মাসের মাঝামাঝি ৷ এর মধ্যে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে ৷ এর মধ্যে বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ মিলবে স্বস্তি ?

Published : March 14, 2024 at 7:02 AM IST
কলকাতা, 14 মার্চ: বসন্তের দীর্ঘায়ত ইনিংসের শেষ বেলায় বৃষ্টির ঝাপটা দক্ষিণবঙ্গজুড়ে ৷ বুধসন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে ৷ বৃহস্পতিবার 14 মার্চ বৃষ্টি বাড়বে ৷ বাদ যাবে না কলকাতা ও তার আশপাশের অঞ্চলও ৷ বৃষ্টি চলবে 19 মার্চ পর্যন্ত ৷ তবে এই আবহাওয়ায় পারদ পতনের সম্ভাবনা নেই ৷ ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি পেরিয়েছে ৷ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ 36 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে ৷ হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাপমাত্রার বৃদ্ধি এবং জলীয় বাষ্প প্রবেশের কারণেই এই বৃষ্টি ৷
তিনি বলেন, "13 মার্চ বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে ৷ এছাড়া সংলগ্ন বাঁকুড়া, হাওড়া, দুই চব্বিশ পরগনা ও কলকাতার দু-এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে এই বৃষ্টি স্থানীয় মেঘের কারণে হবে এবং তা স্থায়ী হবে না ৷ 15 মার্চ, শুক্রবার বৃষ্টি কিছুটা কমবে ৷ উপকূল সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 16 ও 17 অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টি বাড়বে ৷"
তিনি আরও জানিয়েছেন, 18 তারিখ বৃষ্টির পরিমাণ কমলেও 19 মার্চ মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ৷ বৃষ্টির কারণ প্রসঙ্গে সৌরিশ বলেন, "তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ পশ্চিমের জেলাগুলির কয়েকটি জায়গায় তাপমাত্রা 36-37 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ৷ তাপমাত্রার বৃদ্ধি, জলীয় বাষ্পের প্রবেশ, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই স্থানীয়ভাবে এই বৃষ্টি হচ্ছে ৷"
তবে এই বৃষ্টিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রির মধ্যে থাকবে ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনায় কিছুটা বেশিই ৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 35-36 ডিগ্রি, কোথাও 37 ডিগ্রিতে পৌঁছেছে ৷ দক্ষিণে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ ৷ আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন:

