ETV Bharat / state

বুধ শুষ্ক থাকলেও, বৃহস্পতি থেকে রাজ্যজুড়ে বৃষ্টি; জেলায় জেলায় কালবৈশাখী

আজ গরমের অস্বস্তি হলেও বৃহস্পতি থেকে ঝড়-বৃষ্টি শুরু ৷ একাধিক জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা ৷ চৈত্রে আবহাওয়ার এই রূদ্ররূপ আইপিএলের বোধনে বাধ সাধবে না তো ?

WEST BENGAL WEATHER UPDATE
বঙ্গের আবহাওয়া (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 7:10 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আবহ শুরু হবে আগামিকাল (বৃহস্পতিবার) থেকে। চলবে 22 মার্চ অর্থাৎ শনিবার পর্যন্ত। রবিবারও এর রেশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বাতাসের অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশের ফলে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া শুরু হবে আগামিকাল থেকে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ (বুধবার) বৃষ্টির সম্ভাবনা কম। বেলায় গরম বাড়বে ৷ রাতে গরম ও অস্বস্তি থাকবে। আগামিকাল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। মঙ্গলবারের মতো আজ বুধবারও একইরকম তাপমাত্রা। সপ্তাহ শেষে 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। এদিকে, শুষ্ক গরমের চৈত্রে আবহাওয়ার এই রূদ্ররূপ বিঘ্ন ঘটতে পারে আসন্ন আইপিএলে। কারণ আগামী পরশু, 22 মার্চ শনিবার সন্ধ্যায় আইপিএলের বোধন এবং উদ্বোধনী ম্যাচ।

সমতল থেকে পাহাড়ে কেমন থাকবে আবহাওয়া ?

  • বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইবে। দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কালবৈশাখী হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায়।
  • উত্তরবঙ্গে আগামিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। পরশু শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফলে পারদও নামবে। এককথায় রাজ্যজুড়ে পাহাড় ও সমতলে ঝড়-বৃষ্টির দাপাদাপি । যা এই সময় স্বাভাবিক।

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 27 শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার হলেও সন্ধ্যা এবং রাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷