'এতটা আশা করিনি', জানালেন মাধ্যমিকে প্রথম হয়ে আপ্লুত অদৃত
অদৃত রায়গঞ্জ স্কুলের ছাত্র। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 696। বাড়ি রায়গঞ্জের বিননগর এলাকায়।

Published : May 2, 2025 at 10:40 AM IST
|Updated : May 2, 2025 at 10:58 AM IST
রায়গঞ্জ, 2 মে: শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার ৷ আর ফল প্রকাশ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় অদৃত বলল, "যখন পড়তে ইচ্ছা করত, তখন পড়াশোনা করতাম ৷ বাধাধরা তেমন কিছু ছিল না ৷"
অদৃত রায়গঞ্জ স্কুলের ছাত্র। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 696। বাড়ি রায়গঞ্জের বিননগর এলাকায়। ফল প্রকাশ হতেই আপ্লুত অদৃতের পরিবার ৷ এদিন অদৃত বলে, "আপাতত আমার মেডিক্যাল নিয়ে পড়ার ইচ্ছা আছে ৷ আগামী দিনে যদি ভালো কোনও সুযোগ পাই, তাহলে সেই দিকেই যাব।"
অদৃতের ফলাফলে খুশি পরিবার-সহ তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর অদৃত বলে, "এতটা আশা করিনি। ভেবেছিলাম এক থেকে 10-এর মধ্যে থাকব। আমার এই সাফল্যের পিছনে বাবা, মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা-সহ যাদের কাছে টিউশন পড়তাম, আমার বন্ধুরা-- সকলেই রয়েছে।"
পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। 10 ফ্রেবুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল ৷ এবার মেধা তালিকায় মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা কম ৷ 9 লক্ষ 84 হাজার 753 জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক দিয়েছে ৷ প্রথম দশে রয়েছে 66 জন ৷ ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি ৷
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ (শুক্রবার) সকাল 9টা নাগাদ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করেন ৷ গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার 86.56 শতাংশ। গতবার ছিল 86.31 শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর ৷

