ETV Bharat / state

ভিন রাজ্যের পর বিদেশের মাটিতেও ফাটাকেষ্টর কালীপুজো !

ফাটাকেষ্টর হাত ধরে শুরু হয়েছিল কালীর আরাধনা ৷ পুজোর ইতিউতি ছড়িয়ে রয়েছে ইতিহাস ৷ দীপান্বিতার আগমনের আগে সেই কাহিনি তুলে ধরল ইটিভি ভারত ৷

Kalipuja 2025
ফাটাকেষ্টর নব যুবক সংঘের কালীপুজো (ছবি সৌজন্য: ফাটাকেষ্টর কালীপুজো নব যুবক সংঘ থেকে পাওয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 11, 2025 at 9:07 PM IST

|

Updated : October 11, 2025 at 10:26 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 অক্টোবর: কলকাতার একটি সরু গলিতে দেবী কালীর ধুমধাম আরাধনা এখন জগদ্বিখ্যাত ৷ বাংলার মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে বলিউডের বিগ বি- কে না আসেননি এই পুজোয় ৷ কলকাতার বহুচর্চিত ফাটাকেষ্টর পুজো এবার 68 বছরে পা দিল ৷ আগামিদিনে বিদেশেও এই পুজোর আয়োজনের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ৷

একসময় এলাকার বিখ্যাত ফাটাকেষ্ট নব যুবক সঙ্ঘের ব্যানারে এই পুজো শুরু করেছিলেন ৷ তাঁর মৃত্যুর পর থেকে এই পর্যন্ত পুজোর দায়িত্ব সামলাচ্ছেন ক্লাবের সংগঠক-সম্পাদক প্রবন্ধ রায় থেকে শুরু করে অন্যরা ৷ পুজোর খ্যাতি শহর ছাড়িয়ে দেশ এবং দেশের সীমানা পেরিয়ে বিদেশে পৌঁছে গিয়েছে ৷

ফাটাকেষ্টর নব যুবক সংঘের কালীপুজো নিয়ে নব যুবক সংঘের সংগঠক-সম্পাদক প্রবন্ধ রায় (ইটিভি ভারত)

একসময় মুম্বইয়ে এই পুজো হয়েছে ৷ আগামিদিনে কি বিদেশের মাটিতেও হতে পারে ? এই প্রসঙ্গে প্রবন্ধ রায় বলেন, "আমার অনেক বন্ধু আমেরিকায় থাকেন, ইতালিতে থাকেন ৷ তাঁদের খুব ইচ্ছা যে সেখানে তাঁরা এই কালীপুজোটা করেন ৷ আমাকে বহুবার বলেছেন ৷ কিন্তু আমি ভয়ে পিছিয়ে গিয়েছিলাম ৷ কারণ, আমি নিজে কোনও দিন বিদেশ যাইনি ৷ তবে আগামিদিনে এই পুজো ফাটাকেষ্টর কালীপুজোর নামেই বিদেশে হতে পারে ৷ নতুন প্রজন্ম এগিয়ে এলে না হওয়ার কোনও কারণ নেই !"

ফাটাকেষ্টর কালীপুজোর জনপ্রিয়তা সর্বজনবিদিত ৷ লক্ষ লক্ষ ভক্ত আসেন দূরদূরান্ত থেকে । ইতিমধ্যে মাতৃ প্রতিমা এসে পৌঁছেছে মণ্ডপে ৷ পাশাপাশি মণ্ডপ তৈরির কাজও চলছে জোরকদমে ৷ শ্যামাকালী পূজিতা হন এই মণ্ডপে ৷ প্রতিমার উচ্চতার মুকুট-সহ প্রায় সাড়ে 16 ফুট ৷ এবার প্রতিমা শিল্পী পরিবর্তন হয়েছে ৷ শিল্পী মিন্টু পালের হাতে তৈরি হয়েছে এই পুজোর প্রতিমা ৷ পুজো ঘিরে এখন সরগরম কলেজ স্ট্রিটের এই সুপ্রচীন জনপদ । এসবের মাঝেই পুজো ঘিরে থাকা নানা গোপন কথা ইটিভি ভারতকে জানালেন প্রবন্ধ ৷ উঠে এল মুম্বই শহরের আন্ধেরি স্পোর্ট কমপ্লেক্সে করা ফাটাকেষ্টর কালীপুজোর কথাও ৷

কলকাতার এই বিখ্যাত পুজোয় একসময় প্রতি বছর উত্তম কুমার আসতেন ৷ এসেছেন সুপ্রিয়া দেবীও ৷ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও এসেছেন ৷ স্ত্রী জয়া অমিতাভের হাতে দিয়ে হিরের নথ পাঠিয়েছিলেন ৷ তা আজও মায়ের নাকে পরানো হয় ৷ রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় বা প্রীতম- সকলেই এখানে পুজো দিয়েছেন ৷

ভোগ সব মণ্ডপেই হয় ৷ তবে এখানে ভোগের বিশেষ মাহাত্ম্য আছে ৷ প্রবন্ধ বলেন, "শুধু খিচুড়ি বা পোলাও রান্না করে ভোগ বলে বিলিয়ে দেওয়ায় আমরা বিশ্বাস করি না ৷ এখানে মায়ের ভোগ রাঁধেন স্বয়ং পুরোহিত মশাই ৷ ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, তরকারি আর পায়েস নিবেদন করা হয় মা-কে ৷ এরপর সেই ভোগ মিশিয়ে দেওয়া হয় পোলাও, আলুর দম, পনিরের সঙ্গে ৷ হাজার হাজার ভক্তর মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয় প্রতিবছর ৷"

মুম্বইয়ের পুজো আর সেই যন্ত্রণা

প্রবন্ধ রায়ের কথায়, "2009 সালে মুম্বইতে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স এই পুজো শুরু হয়েছিল ৷ নাম ছিল ফাটাকেষ্টর কালীপুজো নব যুবক সংঘ ৷ প্রচুর বাঙালির সমাগম ঘটেছিল ৷ মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও তুমুল চর্চা হয়েছিল পুজো ঘিরে । কোনও পুজোর এভাবে শাখা বিস্তার তার আগে সেভাবে দেখেনি কলকাতা । তাই শুরুটা যে দারুণ হয়েছিল তা আর আলাদা করে বলার দরকার নেই । তবে পুজো করার মতো সক্রিয় সদস্য ও লোকবলের অভাবে তিন বছর করার পর বন্ধ করতে হয়েছিল পুজো ৷ স্বভাবতই অনেকেই হতাশ হয়েছিলেন ৷" শুধু তাই নয়, পুজোর সময় কলকাতা ছেড়ে মুম্বই গিয়ে ছিলেন বলে পাড়ার লোকজনও ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানান প্রবন্থ ৷

পুজোর বিদেশ-যাত্রা, বাস্তব ও সম্ভাবনা

পুজো শুরু করেও শেষমেশ বন্ধ করে দিতে হয়েছিল । অপার সম্ভাবনা জাগিয়েও হতাশ করেছিল মুম্বই । সেই হতাশা কাটানোর উদ্যোগ নিয়েছেন প্রবন্ধর আরও একদল বাঙালি বন্ধু ৷ যাঁরা কাজ কিংবা ব্যবসা সূত্রে থাকেন বিদেশে ৷ কেউ দশকের পর দশক ধরে আছেন মার্কিন মুলুকে । কেউ আবার ইতালির বাসিন্দা ৷ আর তাঁদের কাছেও ভক্তি এবং আস্থার জায়গা হয় উঠেছে এই ফাটাকেষ্টর কালী ৷

ফলে বারবার প্রস্তাব আসে সেখানে এই পুজো চালু করার ৷ প্রবন্ধ রায়ের কথায়, "অতীত অভিজ্ঞতা দেখে অনেকটাই ভয় পাচ্ছি ৷ কিন্তু যাঁরা বিদেশের মাটিতে এই পুজো করতে চাইছেন, তাঁরাও মায়ের ভক্ত ৷ তাদের ইচ্ছের দাম আছে ৷ আমি না পারলে আমার পর যাঁরা আছেন তাঁরা ধীরে ধীরে এই পুজোর হাল ধরছেন ৷ তাঁরা নিশ্চয় পারবেন ৷ তাঁদের যেমন প্রবল ইচ্ছে আকাঙ্খা তেমন আমারও ৷ পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে বিদেশে পুজো করার ইচ্ছ ঠিকই পূরণ হবে । ৷"

Last Updated : October 11, 2025 at 10:26 PM IST