উত্তরবঙ্গে বন্যা-ধসে নথি হারানো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে সংসদ
বিনামূল্যে দেওয়া হবে রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ডের প্রতিলিপি ৷ আবেদনের পদ্ধতি জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

Published : October 12, 2025 at 9:00 PM IST
কলকাতা, 12 অক্টোবর: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমি ধসের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল ৷ সেই ক্ষতির তালিকায় রয়েছেন বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ বন্যা ও ধসের কারণে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড-সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হারিয়েছেন উত্তরবঙ্গে একটা বড় অংশের পরীক্ষার্থী ৷ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ জানানো হল, বিনামূল্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ডের প্রতিলিপি দেওয়া হবে তাদের ৷
প্রথম সেমেস্টার পরীক্ষা শেষ, আগামী বছর ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সেমেস্টার অর্থাৎ, চূড়ান্ত পর্বের পরীক্ষা ৷ তার আগে এই প্রাকৃতিক বিপর্যয় ৷ আর তাতেই বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড ভেসে গিয়েছে ৷ কীভাবে চূড়ান্ত পর্বের পরীক্ষায় বসবে তারা, সেই নিয়ে চিন্তিত পরীক্ষার্থীরা ৷
তবে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীরা নিজেদের স্কুলের মাধ্যমে ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবে ৷ সেই মতো স্কুলের তরফে আসা আবেদনের ভিত্তিতে দুর্গত এলাকার পরীক্ষার্থীদের খোয়া যাওয়া সমস্ত নথির ডুপ্লিকেট পৌঁছে দেওয়া হবে ৷ এর জন্য আলাদা কোনও ফি বা অর্থ লাগবে না ৷
এ নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "দুর্যোগের ফলে অনেক পড়ুয়া সমস্যায় পড়েছে ৷ তাদের কথা ভেবেই বিনামূল্যে নথির প্রতিলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব সমস্ত নথি সরবরাহের ব্যবস্থা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷
তবে, বন্যায় শুধু নথি নয় ৷ অনেক পড়ুয়ার বইপত্রও নষ্ট হয়েছে ৷ এ বিষয়ে সংসদ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের সরকারের তরফে বই দ্রুত পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এর জন্য স্কুলগুলিকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের তালিকা তৈরি করে জেলা পরিদর্শকের মাধ্যমে সংসদে পাঠাতে ৷
রিপোর্ট হাতে পেলেই বই পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি ৷ অন্যদিকে, ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষাও শুরু হবে ৷ এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন, "শিক্ষা দফতর যে নির্দেশ দেবে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ করব ৷"

