ETV Bharat / state

পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতী ক্যাম্পাস, কবে-কখন করা যাবে 'হেরিটেজ ওয়াক'

বন্ধ হয়েছিল কোভিডকালে ৷ ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হল বিশ্বভারতী ক্যাম্পাস ৷ কবে ও কোন সময় 'হেরিটেজ ওয়াক' চালু থাকবে, জেনে নিন ৷

ETV BHARAT
খুলে গেল 'হেরিটেজ' বিশ্বভারতী ক্যাম্পাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 3, 2025 at 4:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 3 অগস্ট: 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনের বিশ্বভারতীর ক্যাম্পাস খুলে দেওয়া হল পর্যটকদের জন্য ৷ কোভিডকালে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর, এদিন প্রথম পর্যটকেরা ঘুরে দেখলেন ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য ও স্থাপত্যগুলি ৷ বিশ্বভারতীর প্রশিক্ষণপ্রাপ্ত গাইড পর্যটকদের ঘুরে ঘুরে বুঝিয়ে দিলেন প্রতিটি ঐতিহ্যের ইতিহাস ৷ এবার থেকে প্রতি রবিবার পাঁচ দফায় 'হেরিটেজ ওয়াক' চালু থাকবে বিশ্বভারতীতে, যা নিয়ে রীতিমতো আপ্লুত পর্যটকেরা ৷

বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অধিকর্তা অমিত হাজরা বলেন, "আজ থেকে শুরু হল হেরিটেজ ওয়াক ৷ প্রতি রবিবার খোলা থাকবে ক্যাম্পাস ৷ পরবর্তীতে আরও বেশি দিন খোলা রাখা যায় কি না চিন্তাভাবনা করছি ৷ কলাভবন, সঙ্গীতভবন, শ্রীনিকেতনও পর্যটকদের জন্য খোলার পরিকল্পনা রয়েছে।"

পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতী ক্যাম্পাস (নিজস্ব ভিডিয়ো)

কোভিড পরিস্থিতি সময় থেকেই বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশাধিকার নিষিদ্ধ হয়ে গিয়েছিল । 2023 সালের 17 সেপ্টেম্বর বিশ্বকবির 'প্রাণের আরাম' শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় ইউনেসকো । এই মুহূর্তে বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় এই তকমার অধিকারী । তাই শান্তিনিকেতন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য, সম্পদ রক্ষা করা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে বাড়তি চ্যালেঞ্জ ।

ETV BHARAT
খুলে গেল 'হেরিটেজ' বিশ্বভারতী ক্যাম্পাস (নিজস্ব চিত্র)

তবে ইউনেসকোর তরফে পর্যটকেরা বিশ্ব ঐতিহ্যের স্থান যাতে ঘুরে দেখতে পারেন, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করার নির্দেশিকাও রয়েছে । সেই মতো প্রথমবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল বিশ্বভারতী ক্যাম্পাস ।

ETV BHARAT
বিশ্বভারতী ক্যাম্পাস পর্যটকেরা (নিজস্ব চিত্র)

এদিন, সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পর্যটকদের দল বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখেন ৷ দীর্ঘদিন পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পেরে আপ্লুত পর্যটকেরা ৷ এবার থেকে প্রতি রবিবার পর্যটকদের জন্য খোলা থাকবে বিশ্বভারতী ক্যাম্পাস ৷ পরবর্তীতে পাঠভবনের ছুটির দিন অর্থাৎ বুধবার পূর্ণ দিবস ও শনিবার অর্ধদিবস এই ক্যাম্পাস খোলা রাখার পরিকল্পনা নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

ETV BHARAT
প্রতি রবিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা (নিজস্ব চিত্র)

কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন ও কী কী নিয়মাবলী

বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই 'হেরিটেজ' ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট সংগ্রহ করা যাচ্ছে ৷ সংগ্রহশালার বিপরীতের গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করানো হচ্ছে । মাথাপিছু টিকিট মূল্য 300 টাকা । পড়ুয়াদের কোনও দল ঘুরতে এলে মাথাপিছু টিকিট মূল্য 50 টাকা ৷ একক কোনও পড়ুয়ার জন্য টিকিট মূল্য 150 টাকা ৷ বিদেশি পর্যটকদের জন্য মাথাপিছু টিকিট মূল্য 1000 টাকা ৷

ETV BHARAT
প্রতি রবিবার খোলা থাকবে ক্যাম্পাস (নিজস্ব চিত্র)

পাঁচটি দলে সর্বাধিক 25 জন করে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে ৷ সকাল সাড়ে 10টা, বেলা সাড়ে 11টা, সাড়ে 12টা, দুপুর আড়াইটে ও বিকেল সাড়ে 3টে, এই পাঁচবার প্রবেশ করতে দেওয়া হচ্ছে ৷ প্রত্যেক দলের সঙ্গে বিশ্বভারতীর প্রশিক্ষণপ্রাপ্ত একজন করে গাইড থাকছেন ৷

ETV BHARAT
বিশ্বভারতীর ক্যাম্পাস খুলে দেওয়া হল পর্যটকদের জন্য (নিজস্ব চিত্র)

নিরাপত্তার জন্য একজন পুরুষ ও একজন মহিলা নিরাপত্তারক্ষী থাকছেন ৷ নির্দিষ্ট রুটের বাইরে পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না ৷ ভ্রমণের সময় স্থিরচিত্র তোলার ক্ষেত্রে কোনও রূপ নিষেধাজ্ঞা থাকছে না ৷

ETV BHARAT
প্রতি রবিবার পাঁচ দফায় 'হেরিটেজ ওয়াক' (নিজস্ব চিত্র)

তবে এখনই পর্যটকদের বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ কলাভবন ও সঙ্গীতভবনের দিকে যেতে দেওয়া হচ্ছে না ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে একটি কম্বো টিকিট পদ্ধতি চালু করে ক্যাম্পাস-সহ কলাভবন, সঙ্গীতভবন ও শ্রীনিকেতনও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷

ETV BHARAT
রীতিমতো আপ্লুত পর্যটকেরা (নিজস্ব চিত্র)

প্রথম দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ পাওয়া বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখতে পেরে পর্যটকদের মধ্যে দেবলীনা জয়সওয়াল, সৌমিত্র দেবনাথ, শাশ্বতী দেবনাথ বলেন, "আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি ৷ বিশ্বভারতী পর্যটকদের জন্য খুলে যাওয়ার পর প্রথম দিনই এখানে সবকিছু ঘুরে দেখতে পারছি ৷ ছোট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা শুনে বড় হয়েছি ৷ তাঁর সেই জায়গায় প্রবেশ করতে পেরে দারুণ খুশি আমরা ৷ ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে ৷ আমরা সবাই খুবই খুশি ৷"