ETV Bharat / state

রবিতে আরজি করে নির্যাতিতার জন্মদিন, কর্মসূচিতে আমন্ত্রণ মমতাকেও

কেটে গিয়েছে ছ'মাস ৷ এর মাঝেই আগামিকাল, 9 ফেব্রুয়ারি আরজি করে নির্যাতিতার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠনো হল মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
আরজি করের নির্যাতিতার জন্মদিন, কর্মসূচিতে মমতাকে আমন্ত্রণ (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 8, 2025 at 9:59 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 ফেব্রুয়ারি: আরজি করে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার 32তম জন্মদিন আগামিকাল, রবিবার। এই দিনটিকে সামনে রেখে একাধিক কর্মসূচি পালিত হতে চলেছে। সেখানে সামিল হবে চিকিৎসক সমাজও। যোগ দেবে তরুণীর পরিবার।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ওই দিন একটি শপথ বাক্য পাঠ করা হবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এছাড়াও বিভিন্ন মিছিলের আয়োজন করা হয়েছে।

RG KAR DOCTOR RAPE AND MURDER
শপথ বাক্যকে মাথায় রেখে একটি কার্ড ছাপানো হয়েছে (ইটিভি ভারত)

সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে চিকিৎসক-সমাজ। আমন্ত্রণ পৌঁছেছে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিবিআইয়ের আধিকারিকদের কাছেও। সকলকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তারা। এই শপথ বাক্যকে মাথায় রেখে একটি কার্ড ছাপানো হয়েছে। সেই কার্ড জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে পাঠানো হচ্ছে বেশ কিছু দফতরে। লালবাজার, স্বাস্থ্য দফতর, বিধাননগর পুলিশ কমিশনারেট, সিবিআই অফিস, সিজিও কমপ্লেক্স এবং মেডিক্যাল কাউন্সিলে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।

RG KAR DOCTOR RAPE AND MURDER
রবিতে আরজি করের নির্যাতিতার জন্মদিন (ইটিভি ভারত)

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে পুণ্যব্রত গুণ বলেন, "আমাদের মেয়ের (আরজি করের নির্যাতিতা) জন্মদিন 9 তারিখ। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমরা দলমত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছি ৷ তবে এর পাশাপশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ওইদিন সোদপুরে 'অভয়া ক্লিনিক' করার পরিকল্পনা নিয়েছে।

পাশাপাশি, 9 ফেব্রুয়ারি দ্রোহের জন্মদিন পালন করবে অভয়া মঞ্চ। আগামিকাল দুপুর 2টো নাগাদ কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত তারা একটি মৌন মিছিলে ডাক দিয়েছে। মিছিল শেষে পালন করা হবে দ্রোহের জন্মদিন। মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির তরফে একটি গণ কনভেনশনে ডাক দেওয়া হয়েছে। রামমোহন লাইব্রেরি হলে সন্ধ্যা 6টা থেকে ওই কনভেনশন শুরু হবে। এই দুই কর্মসূচিতেই অংশ নেবেন নির্যাতিতার মা ও বাবা।