শোভনদেব-দর্শনাদের উপস্থিতিতে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো
এছাড়াও হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোয় হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, সমাজকর্মী কার্তিক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ৷

Published : June 15, 2025 at 11:53 AM IST
কলকাতা, 15 জুন: পুজোর বাদ্যি বাজল হাজরা পার্ক দুর্গোৎসব কমিটিরও । শনিবারের সকালেই মহাসমারোহে হয়ে গেল তাদের খুঁটিপুজো । চলতি বছর 83তম বর্ষে পদার্পণ করবে কলকাতার এই পুজো ।
প্রতি বছরই থিমের চমক নিয়ে হাজির হয় হাজরা পার্ক । এবারেও তার অন্যথা হবে না তা বলাই বাহুল্য । এদিনের জাঁকজমকপূর্ণ খুঁটি পুজোয় সামিল হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী দর্শনা বণিক, সমাজকর্মী কার্তিক বন্দ্যোপাধ্যায়, হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সচিব সায়নদেব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।

এদিন খুঁটিপুজোর সমস্ত দায়িত্ব সামলানোর পাশাপাশি সায়নদেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, "প্রতি বছর আমরা শুধু কিছু না কিছু নতুন উদ্ভাবনই করি না, বরং সকলকে তার মাধ্যমে অনুপ্রাণিত করি এবং করতে চাই ৷ আমাদের পুজো এবার 83তম বর্ষে পদার্পণ করতে চলেছে । আর এই 83তম বর্ষের পুজোতে মানুষ দেখবে সাংস্কৃতিক ও শিল্পকলার মিশেল, যা প্রতিবারের মতোই নতুনত্বের ছোঁয়া দেবে মানুষের মনে । আর তাই ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি । আমরা আশাবাদী এবারেও সবার পছন্দ হবে আমাদের পুজো ।"
প্রসঙ্গত, হাজরা পার্ক কমিটির দুর্গাপুজোর ইতিহাস ঘাটলে দেখা যায়, দলিত এবং হরিজন সমাজের মানুষদের একসময় পুজোয় প্রবেশাধিকার ছিল না । কিন্তু পুজো হয়ে গেলে আশেপাশের সব নোংরা তাঁরা ফেলতেন । আর মাকে প্যান্ডেলের বাইরে থেকেই প্রণাম করতেন ।
সমাজকে পরিবর্তন করে সবার জন্য দুর্গাপুজো এই হাজরা পার্কে চালু করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশ । এই যে শুদ্ধিকরণ সেটাই আরও একবার মানুষের কাছে পৌঁছে দিতে গত বছর এই পুজো কমিটির থিম ছিল 'শুদ্ধি'। নানা জায়গা থেকে আসা অনেক রকমের বাঁশ দিয়ে তৈরি হয়েছিল পুজো মণ্ডপ । এবার কী চমক আসতে চলেছে তা জানতে আর কিছুদিনের অপেক্ষা ।

