ETV Bharat / state

বন্যা পরিস্থিতি সামলে ছন্দে জলদাপাড়া জাতীয় উদ্যান, শুরু জিপসি সাফারি

চিলাপাতা রেঞ্জে নামল পর্যটকের ঢল ৷ জলদাপাড়ার তিনটি গেট দিয়ে শুরু হয়েছে জিপসি সাফারি ৷

GYPSY SAFARI START IN JALDAPARA
বন্যা পরিস্থিতি সামলে ছন্দে ফিরছে জলদাপাড়া জাতীয় উদ্যান ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 2:18 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আলিপুরদুয়ার, 10 অক্টোবর: ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ ৷ বন্যার ধাক্কা সামলে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল জলদাপাড়া জাতীয় উদ্যান ৷ পূর্ব ঘোষণা মতো শুক্রবার সকাল থেকে জলদাপাড়ায় শুরু হয়ে গেল জিপসি সাফারি ৷ এদিন সকালে চিলাপাতা রেঞ্জের গেট খুলে দিতেই নামে পর্যটকদের ঢল ৷ জিপে করে জঙ্গলের গভীরে হরিণ, হাতি, গণ্ডার-সহ নানা জীবজন্তু চাক্ষুস করলেন পর্যটকরা ৷

বৃহস্পতিবার বন দফতর ঘোষণা করে শুক্রবার জিপে করে জঙ্গল সাফারির জন্য খুলে দেওয়া হবে জলদাপাড়া জাতীয় উদ্যানের তিনটি গেট ৷ সেই ঘোষণা মতো এদিন সকালে কোদালবস্তি রেঞ্জ, চিলাপাতা রেঞ্জ এবং পূর্ব রেঞ্জের শালকুমার গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে ৷ আর তারপরেই চিলাপাতা রেঞ্জে পর্যটকদের ঢল নামে ৷ যা দেখে খুশি উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরাও ৷

বন্যা পরিস্থিতি সামলে ছন্দে ফিরছে জলদাপাড়া জাতীয় উদ্যান ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গত রবিবার মধ্যরাত থেকে হওয়া অতিভারী বৃষ্টি ও হড়পা বানের জেরে প্লাবিত হয় গোটা তরাই-ডুয়ার্স ৷ জলদাপাড়া জাতীয় উদ্যানের অনেক পশুপাখির প্রাণহানি ঘটেছে ৷ সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলদাপাড়া জাতীয় উদ্যান বন্ধ রাখা হয় ৷ এরপর বন্যার পরিস্থিতি সামলে ফের খুলে গেল জলদাপাড়ার জঙ্গল সাফারি ৷

তবে, হাতি সাফারি এখনই শুরু করছে না বন দফতর ৷ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত, তা স্থগিতই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ জলদাপাড়া জাতীয় উদ্যানের একটি বড় অংশ খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় পর্যটন সংস্থাগুলি ৷

চিলাপাতা জিপসি ইউনিয়নের সম্পাদক বিমল রাভা বলেন, "বন দফতরের এই পদক্ষেপে আমরা অত্যন্ত খুশি ৷ সকাল থেকেই চিলাপাতায় জঙ্গল সাফারি করতে পর্যটকদের ভিড় জমেছে ৷ আশা করি, আগামিদিনে পর্যটকরা ডুয়ার্স ভ্রমণে আরও উৎসাহিত হবেন ৷" কলকাতা থেকে আসা এক পর্যটক জানান, অনেকদিনের অপেক্ষার পর জঙ্গল সাফারি করতে পেরে তাঁদের খুবই ভালো লাগছে ৷

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, "সময়ের সঙ্গে-সঙ্গে পরিস্থিতি অনুকূল হচ্ছে ৷ পুরোপুরি স্বাভাবিক হলে জলদাপাড়া জাতীয় উদ্যানকে আবার তার পুরনো মহিমায় ফেরানো হবে ৷ এই পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধরতে হবে ৷" বন দফতরের এই পদক্ষেপের ফলে চলতি উৎসবের মরশুমে ডুয়ার্সমুখী পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা ৷