এসআইআরকে সমর্থন, বাংলা-বাঙালি হেনস্থায় উদ্বিগ্ন রাজ্যপাল
রাজভবনের অনুষ্ঠান থেকে এসআইআর ও বাঙালিদের হেনস্থা নিয়ে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এড়িয়ে গেলেন অমিত মালব্যর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ ।

Published : August 8, 2025 at 7:16 PM IST
কলকাতা, 8 অগস্ট: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে । শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে আসল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো নাম তোলার চেষ্টা হতে পারে । তাঁদের আশঙ্কা, এটি আসলে এনআরসি চালুরই একটি 'পূর্বাভাস'।
এই প্রেক্ষিতে শুক্রবার রাজভবনের এক অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রকাশ্যে জানালেন, তিনি এসআইআরের পক্ষেই । তাঁর কথায়, "বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের রুটিন কাজ । মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেদিকেই নজর রাখা হচ্ছে ।" স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য শাসক শিবিরের অবস্থানের বিপরীত ।
এদিনের অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, "বিষয়টি নিয়ে ভিন্নমত থাকতেই পারে, তবে ঐক্যমত্য জরুরি । কমিশনের কাজ হল মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা ।"
বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্নের পাশাপাশি উঠে আসে বাংলা ভাষা ও বাঙালি হেনস্থা প্রসঙ্গও । বিজেপি নেতা অমিত মালব্যর 'বাংলা কোনও ভাষা নয়' মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে সন্তর্পণে এড়িয়ে যান রাজ্যপাল । তৎক্ষণাৎ গেয়ে ওঠেন রবীন্দ্রনাথ ঠাকুরের "বাংলার মাটি, বাংলার জল…।"
তাঁর কথায়, "এটি এমন একটি ইস্যু যা জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করেছে । গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর সমাধান প্রয়োজন । আমি বিশ্বাস করি, ন্যায়বিচার হবেই ।"
ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা প্রসঙ্গে রাজ্যপালের কণ্ঠেও শোনা গেল উদ্বেগের সুর । তাঁর বক্তব্য, এই ঘটনাগুলি শুধু বিচ্ছিন্ন নয়, জাতীয় মনোযোগ দাবি করে । বাংলার প্রতি তাঁর 'আত্মিক টান'-এর কথাও ফের তুলে ধরেন তিনি, যা আগেও সরস্বতী পুজোর দিনে বাংলা শেখার হাতেখড়িতে প্রকাশ করেছিলেন ।
শুক্রবার ছিল অ্যানুয়াল ফ্ল্যাগ ডে উপলক্ষে রাজভবনে সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডকে সংবর্ধনার দিন । সেখানে রাজ্যপালকে স্মারক তুলে দেওয়া হয়, উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও । ঠিক সেখানেই একদিকে বাংলার মাটি ও মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যপাল অন্যদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্কে স্পষ্ট অবস্থান নিলেন ।
এদিন শুধু এসআইআর নয়, বাংলার নির্বাচনী নিবন্ধক অফিসার (ERO) সাসপেনশন নিয়েও রাজ্যপাল বলেন, "সহমতের ভিত্তিতেই সমাধান হওয়া উচিত ।" পাশাপাশি, কোচবিহারে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট ও দ্রুত পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি ।
সব মিলিয়ে, একদিকে যখন রাজ্যের শাসকদল এসআইআরকে সন্দেহের চোখে দেখছে, তখন রাজ্যপালের এই সমর্থন আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও বাড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

