ETV Bharat / state

ছুটি না-পেয়ে ঊর্ধ্বতনদের উপর হামলা ! রক্তমাখা ছুরি হাতে নিউটাউনের রাস্তায় সরকারি কর্মী

ছুটি সংক্রান্ত ফাইল আটকে রাখা ও মানসিক হেনস্তার অভিযোগ ধৃতের ৷ কারিগরি ভবনের কর্মীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন ৷

GOVT EMPLOYEE ATTACKS WITH KNIFE
রক্তমাখা ছুরি হাতে নিউটাউনের রাস্তায় সরকারি কর্মী ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 6, 2025 at 7:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নিউটাউন, 6 ফেব্রুয়ারি: রক্তমাখা ছুরি হাতে হেঁটে চলেছেন এক ব্যক্তি ৷ আর তাঁর পিছনে ছুটছেন পুলিশকর্মীরা ৷ বৃহস্পতিবার দুপুরে এমনই দৃশ্য দেখা গেল নিউটাউনের কারিগরি ভবনের সামনে ৷ অভিযোগ, ঊর্ধ্বতন তিন আধিকারিককে ছুরির আঘাতে জখম করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি ৷ পরে টেকনোসিটি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটি মঞ্জুর না-করায় তিন আধিকারিকের উপর হামলা চালিয়েছেন কারিগরি ভবনের কর্মী অমিতকুমার সরকার ৷ তিনি কারিগরি ভবনে টেকনিক্যাল এডুকেশন বিভাগের কর্মী ৷ পুলিশি জেরায় তিনি অভিযোগ করেছেন, বাড়িতে তাঁর মা অসুস্থ ৷ সেই কারণে ছুটি নিয়েছিলেন ৷ সেই ফাইল সই না-করায় বেতন কাটা গিয়েছে ৷ এমনকি নিজের প্রাপ্য ছুটির জন্য আবেদন করেও তা পাননি বলে অভিযোগ তাঁর ৷

এরপর আরও গুরুতর অভিযোগ করেছেন হামলাকারী ওই সরকারি কর্মী ৷ তাঁর অভিযোগ, মা অসুস্থ থাকায় ছুটি চেয়েছিলেন ৷ কিন্তু, তা মঞ্জুর করা হয়নি ৷ এমনকি বৃদ্ধা মায়ের চিকিৎসা সংক্রান্ত বিলও আটকে রাখা হয়েছে ৷ এ নিয়ে দীর্ঘদিন আবেদন করে আসছেন তিনি ৷ কিন্তু, তাঁর আবেদনকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ এভাবেই তাঁকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিযুক্ত হামলাকারী ৷

পুলিশ সূত্রে খবর, জেরায় অমিতকুমার সরকার জানিয়েছেন, এ দিন বাড়ি থেকে ঠিক করেই এসেছিলেন বিচার তিনি নিয়েই ছাড়বেন ৷ সেই মতো দফতরে ঢুকেই ছুটি সংক্রান্ত আবেদন ও মায়ের চিকিৎসার বিল নিয়ে প্রশ্ন করেন তিনি ৷ তাঁর অভিযোগ, প্রশ্ন করায় তাঁকে প্রথমে মারধর করা হয় ৷ আর তারপরেই তিনি ছুরি বের করে ওই তিন আধিকারিকের উপর হামলা চালান বলে অভিযোগ ৷

এই ঘটনায় আহত তিনজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ যদিও পুলিশ জানিয়েছে, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ এ নিয়ে বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন মানব সিংলা বলেন, "ওঁর মানসিক কোনও সমস্যা রয়েছে কি না, তা জানতে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি ৷ ওঁকে গ্রেফতার করা হয়েছে ৷ রক্তমাখা ধারাল অস্ত্র পাওয়া গিয়েছে ৷ আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷"

যদিও, পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কারিগরি ভবনের আহত তিন আধিকারিক ৷ কেন তাঁদের উপরেই হামলা হল ? তাঁরা কি সত্যিই অমিতকুমার সরকারের উপর মানসিক চাপ তৈরি করছিলেন ? এসব প্রশ্নের কোনও জবাব দেননি আক্রান্তরা ৷

অন্যদিকে, এই ঘটনায় ভরদুপুরে উত্তেজনা তৈরি হয় নিউটাউন এলাকায় ৷ অনিমেষ দাস নামে এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, "আমরা সবাই দোকানে বসেছিলাম ৷ হঠাৎ কারিগরি ভবনের দিক থেকে চিৎকার শুনতে পাই ৷ দেখি একটা লোক হাতে রক্ত লাগা ছুরি নিয়ে ওই ফুট দিয়ে হেঁটে যাচ্ছেন ৷ আর লোকজন ওঁর পিছনে রয়েছে ৷ পরে পুলিশকে ফোন করা হয় ৷ পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে ৷"