লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার মালদায়, দুর্গাপুরে দেড় কুইন্টাল তামা-সহ গ্রেফতার 1
মালদায় গাঁজা উদ্ধারের ঘটনায় বিহারের কারবারী গ্রেফতার ৷ আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগ সামনে আসছে ৷ অন্যদিকে দুর্গাপুরে ধৃত ব্যক্তির কাছ থেকে পিস্তল উদ্ধার ৷

Published : April 13, 2025 at 3:38 PM IST
মালদা/দুর্গাপুর 13 এপ্রিল: পাচারের আগেই শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় 17 কেজি গাঁজা উদ্ধার ৷ ঘটনায় বিহারের এক কারবারীকে গ্রেফতার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকায় ৷ এই ঘটনায় ফের আন্তঃরাজ্য মাদক পাচার চক্র সামনে এসেছে । ধৃতকে রবিবার সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে । অন্যদিকে বিপুল পরিমাণ তামা-সহ সশস্ত্র এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্রে নাকা চেকিং চলছিল । সেই সময় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ । জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই ওই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি গাঁজার প্যাকেট । গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে । তিনটি গাঁজার প্যাকেট থেকে মোট 16 কেজি 900 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা । ধৃত ব্যক্তির নাম সুরেন্দ্র কুমার শাহ (64) । বাড়ি বিহারের নাথনগর থানা এলাকায় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া গাঁজা মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় এক ব্যক্তির থেকে নিয়েছিল । টাকার বিনিময়ে উদ্ধার হওয়া গাঁজা ভাগলপুরে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর । ধৃত ব্যক্তি কার থেকে উদ্ধার হওয়া গাঁজা নিয়েছিল, কাকে সেই গাঁজা ডেলিভারি করার কথা ছিল তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ । মাদক কারবারের সঙ্গে জড়িতদের খোঁজ পেতে ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হবে ।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ফের আন্তঃরাজ্য মাদক পাচারচক্র সামনে এসেছে । এর আগে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট-সহ নানা মাদক দ্রব্য মালদা শহর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে । গ্রেফতার করা হয়েছে ভিনরাজ্যের একাধিক মাদক কারবারীদের । ভৌগোলিক অবস্থানের কারণেই কারবারীরা মালদা জেলাকে করিডর হিসেবে ব্যবহার করছে বলে অনুমান পুলিশের একাংশের ।
বিপুল পরিমাণ তামা উদ্ধার
অন্যদিকে দুর্গাপুর থানায় এলাকার ডিটিপিএস সংলগ্ন এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয় সুজয় পাল ওরফে কেবুকে । তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে দেড় কুইন্টাল তামা । কেবুর কাছ থেকে ইম্প্রোভাইসড পিস্তলও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা । কেবুর চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করেছে দুর্গাপুর থানার পুলিশ । 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।
এর আগে কেবু গ্রেফতার হয়েছিল দুর্গাপুর থানায় বেশ কয়েক বছর আগে । সেই সময় বেআইনি বালির ঘাট (যেখান থেকে বালি তোলে) চালানোর অভিযোগ উঠেছিল কেবুর বিরুদ্ধে । কিন্তু এত বিপুল পরিমাণ তামা উদ্ধারের ঘটনার পর প্রশ্ন উঠছে, তাহলে কি সুজয় পাল ধাতব জিনিসের বেআইনি ব্যবসায় নিজের নাম লিখিয়েছিলেন?
যদিও তার উত্তরে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেন, "পুলিশি হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে । এই বিপুল পরিমাণ তামা সে কোথা থেকে পেয়েছিল ? কোথায় সে নিয়ে যাচ্ছিল ওই তামা ? আর কারা কারা তার সঙ্গে এই ব্যবসায় জড়িত ? এই সমস্ত তথ্য বের করে আমরা সমস্ত দোষী ব্যক্তিদের গ্রেফতার করব দ্রুত ।"
রবিবার সাতসকালে কেবুর গ্রেফতারির ঘটনায় দুর্গাপুরে শোরগোল পড়ে যায় । জানা গিয়েছে, এর আগে সিটি সেন্টার এলাকায় সরকারি পার্কিং এর দায়িত্বও পেয়েছিল সুজয় পাল ওরফে কেবু ৷

