ETV Bharat / state

মাংসে ফাঙ্গাস, কমোডের পাশে রাখা খাবারের পাত্র ! রেস্তরাঁয় অভিযানে ভয়ঙ্কর ছবি

শিলিগুড়িতে একাধিক রেস্তরাঁয় খাদ্য দফতর ও প্রশাসনের অভিযানে এমনই ছবি উঠে এসেছে ৷ রেস্তরাঁগুলিকে নোটিশ ধরিয়েছে খাদ্য সুরক্ষা দফতর ।

food safety raid
রেস্তরাঁয় অভিযানে ভয়ঙ্কর ছবি উঠে এসেছে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 26, 2025 at 8:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 26 জুলাই: কোথাও মাংসে ফাঙ্গাস ৷ কোথাও আবার রান্না করে কমোডের পাশে রাখা রয়েছে খাবারের পাত্র । এমনকি খাবার আঢাকা অবস্থায় ফেলে রাখা হয়েছে ঘণ্টার পর ঘণ্টা ৷ আর এসব অবস্থায় সেইসব খাবার দেদার বিকচ্ছে নামীদামি রেস্তরাঁয় ৷ সেভক রোডের একটি শপিংমলে অভিযান চালানোর সময় এমন ছবি ধরা পড়েছে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের সামনে ।

শিলিগুড়ি শহরের বিভিন্ন শপিং মল, রেস্তরাঁয়, হোটেলগুলোতে খাবারে অনিয়মের অভিযোগ উঠে আসছিল । আর সেই অভিযোগ পেতেই লাগাতার অভিযানে নামে প্রশাসন । প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার দু'দিন ধরে শহরের বিভিন্ন রেস্তরাঁয় অভিযান চালানো হয় । শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে রেস্তরাঁর ব্যবসা । অধিকাংশ দোকানেই কোনোরকম নিয়ম না-মেনেই খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ ওঠে । এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সেভক রোডের একটি শপিংমলে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা । তাঁদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুরনিগম, স্বাস্থ্য দফতর ও দমকল বিভাগের প্রতিনিধিরাও ।

মাংসে ফাঙ্গাস, কমোডের পাশে রাখা খাবারের পাত্র ! রেস্তরাঁয় অভিযানে ভয়ঙ্কর ছবি (ইটিভি ভারত)

এদিন অভিযান চলাকালীন মলে থাকা বেশ কয়েকটি খাবারের দোকানে একাধিক অনিয়ম নজরে আসে । কোথাও প্যাকেটজাত খাবারে ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ নেই । আবার কোথাও অর্ধেক সেদ্ধ ডিম দীর্ঘ সময় ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা রয়েছে । এছাড়াও একাধিক খাবারে ফাঙ্গাস দেখা যায় বলে অভিযোগ ।

food safety raid
সেভক রোডের শপিংমলে খাদ্য দফতর ও প্রশাসনের অভিযান (নিজস্ব ছবি)

এইসব দোকানগুলিকে নোটিশ ধরিয়েছে খাদ্য সুরক্ষা দফতর । নির্ধারিত সময়ের মধ্যে তাদের উপযুক্ত কারণ জানাতে বলা হয়েছে । ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানানো হয় । খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, শহরের অন্যান্য অংশেও এই অভিযান আগামীতে জারি থাকবে ।

food safety raid
মাংসে ফাঙ্গাস মিলেছে বলে অভিযোগ (নিজস্ব ছবি)

খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক রাজ ঘোষ বলেন, "শহরের অন্যান্য অংশেও এই ধরনের অভিযান আগামিদিনেও জারি থাকবে । জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ । অভিযানে 11টি রেস্তরাঁর মধ্যে পাঁচটিতে অনিয়ম মিলেছে । সেগুলোকে নোটিশ জারি করা হয়েছে ।

food safety raid
রেস্তরাঁয় খাদ্য দফতরের অভিযান (নিজস্ব ছবি)