চাপ বাড়াল সিবিআই! পার্থদের নামে চার্জশিট
মোট 40 পাতার চার্জশিট জমা করা হয়েছে। তাতে পার্থ-সহ কয়েকজনের বিরুদ্ধে চাকরি পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Published : December 27, 2024 at 5:24 PM IST
কলকাতা, 27 ডিসেম্বর: হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা তুলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর সঙ্গীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চার্জশিট পেশ করে এমনই দাবি করেছে সিবিআই। সংশ্লিষ্ট চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের।
বর্তমানে ইডির মামলায় পার্থ শর্তসাপেক্ষে জামিন পেলেও এখনও তা বলবৎ হয়নি। এরই মধ্যে সিবিআই-এর তরফ থেকে পেশ হওয়া এই চার্জশিটের পর ফের বিপাকে পড়তে পারেন পার্থ। মোট 40 পাতার চার্জশিট পেশ করা হয়েছে। প্রায় আড়াই বছর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগে তাঁদের নামে চার্জশিট দিয়েছিল ইডি। এবার চার্জশিট দিল সিবিআই।
পার্থর বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতা এবং উত্তর 24 পরগনার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি, কয়েক কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি'র তদন্তকারীরা। এই চার্জশিটে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন এজেন্ট মারফত একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। এই টাকা গিয়েছিল পার্থ এবং তাঁর ঘনিষ্ঠদের কাছেও।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা শুধু যে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবীকে গ্রেফতার করেছিলেন তেমনটা নয়, বরং এই ঘটনায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা-সহ একাধিক সরকারি আধিকারিকরাও। জানা গিয়েছে, বিভিন্ন এজেন্ট মারফত অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে তাঁদের নাম প্যানেল লিস্টের এন্ট্রি করানো হয়েছিল। যার নেপথ্য ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক সরকারি আধিকারিকরাও।

