ETV Bharat / state

বিজেপি সাংসদের ঘনিষ্ঠকে বড় পদে আনল রাজ্য, আমল দিতে নারাজ গেরুয়া শিবির

বুধবার রাজ্য সরকারের তরফে হরিহর দাসকে নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজেপির অবশ্য দাবি তাঁকে আগেই দল থেকে বিতাড়িত করা হয়েছে ৷

BJP LEADER ON RAJBANGSHI ACADEMY
রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 10:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কোচবিহার, 19 মার্চ: বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ঘনিষ্ঠ হরিহর দাসকে রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল । বুধবার রাজ্য সরকারের তরফে হরিহর দাসকে নিয়োগের বিষয়টি জানানো হয়। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷

নিয়োগপত্র পাওয়ার পর হরিহর দাস বলেন, "আমি দীর্ঘদিন ধরে রাজবংশী ভাষার উপর বিভিন্ন কাজ করে আসছি। মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এধরনের একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন।" অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "মুখ্যমন্ত্রীর দুরদর্শিতা আছে। তিনি মনে করেছেন তাই তাঁকে (হরিহর দাস-কে) ওই পদে বসিয়েছেন।"

হরিহর স্থানীয় গোসাইহাট হাই স্কুলের শিক্ষক। দীর্ঘদিন বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি ছিলেন। গত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামানিকের হয়ে ভোট প্রচারও করেছিলেন। পাশাপাশি অনন্ত মহারাজের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে দেখা করার সময় মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হরিহরকে এসসি মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বুধবার তাঁকেই রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদে বসাল রাজ্য সরকার।

যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, "ওঁকে আগেই বিজেপি থেকে বের করে দেওয়া হয়েছে। কাজেই তাঁকে নিয়ে বলার কিছু নেই। এর আগে গ্রেটার নেতা বংশীবদন বর্মন রাজবংশী ভাষা অ্যাকাডেমি ও রাজবংশী উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান ছিলেন। সেখানে রাজবংশী উন্নয়ন বোর্ডে বংশীকে রেখে হরিহর দাসকে রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান করা হয়েছে।"