ETV Bharat / state

মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে, ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে বার্তা প্রাক্তন বাংলাদেশি পোস্টমাস্টারের

ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে খুব খুশি প্রাক্তন বাংলাদেশি পোস্টমাস্টার । তিনি সকল মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভয় না-পেয়ে সিএএ'তে আবেদন করতে বলেছেন ৷

CAA certificate
ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেলেন প্রাক্তন বাংলাদেশি পোস্টমাস্টার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 10, 2025 at 2:29 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বাগদা, 10 সেপ্টেম্বর: সিএএ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে ৷ এরই মাঝে সিএএ'তে আবেদন করে ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পেলেন মতুয়া সম্প্রদায়ের এক বৃদ্ধ ৷ ওই বৃদ্ধের নাম প্রমথরঞ্জন বিশ্বাস ৷ নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের প্রাক্তন এই পোস্টমাস্টার ৷

বাকি মতুয়া সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে সিএএ নিয়ে ৷ আমি কারোর কথায় কান না-দিয়ে সিএএ'তে আবেদন করি ৷ কোনওরকম হয়রানি ছাড়াই সার্টিফিকেট পেয়েছি ৷ সিএএ'তে আবেদন করায় আমার কোনও ভাতা বা সরকারি পরিষেবা বন্ধ হয়নি । তাই সব মতুয়া সম্প্রয়াদের মানুষকে কারও কোনও কথায় কান না-দিয়ে সিএএ'র জন্য আবেদন করতে বলব ৷"

ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে ব্যক্তির প্রতিক্রিয়া (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, বাংলাদেশ গোপালগঞ্জে ডাক বিভাগে পোস্টমাস্টার হিসাবে চাকরি করতেন প্রমথরঞ্জন বিশ্বাস ৷ সেদেশের পরিস্থিতি বেগতিক দেখে তিনি আগেভাগে স্ত্রী ও সন্তানদের ভারতে পাঠিয়ে দেন । তিনি মাঝে মধ্যে বাংলাদেশে থেকে ভারতে আসা-যাওয়া করতেন । 2009 সালে থেকে পাকাপাকিভাবে তিনি উত্তর 24 পরগনার বাগদা থানার হেলেঞ্চার বৈচিডাঙায় পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন ৷ পরবর্তীতে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড তৈরি করেন প্রমথ । আর পাঁচজন মতুয়া সম্পদের মানুষের পাশাপাশি তাঁর দাবি ছিল ভারতীয় নাগরিকত্বের ।

প্রমথরঞ্জন বিশ্বাস জানান, সিএএ আইন লাগু হওয়ার পর তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করার কথা ভাবেন ৷ কিন্তু শাসকদল ও বিরোধীদের প্রচারে বিভ্রান্ত হয়েছিলেন তিনি । তবে চলতি বছরে তিনি মনস্থির করেন, নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করবেন । সেইমতো সমস্ত নথিপত্র জোগাড় করে এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রমথরঞ্জন বিশ্বাস । সবরকম ভেরিফিকেশনের পর সম্প্রতি ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি ।

তাঁর কথায়, "এখন আর আমাকে কেউ ভারত থেকে বিতাড়িত করতে পারবে না । আমি একজন ভারতীয় নাগরিক ৷ ভারত সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে । কোনও প্রকার প্ররোচনায় প্রভাবিত না-হয়ে এবং ভয় না-পেয়ে সকল মতুয়াদের নাগরিকত্বের জন্য আবেদন করুন ৷"

বিজেপি নেতা বিধানচন্দ্র হাওলাদার বলেন, "তৃণমূল মানুষকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে ৷ প্রমথরঞ্জনবাবু আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন ৷ সিএএ'র মাধ্যমে নাগরিকত্ব পেলে মতুয়ারা আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলে ভোট দেবে না । সেই কারণে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে ৷"

বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন, "আমরা চেয়েছিলাম নিঃশর্ত নাগরিকত্ব । কেন্দ্র সরকার কীভাবে নাগরিকত্ব দিয়েছেন সেটা তারাই বলতে পারবে ।" একই সঙ্গে তিনি সংশয় প্রকাশ করে বলেন, "অনেকেই তো সিএএ-তে আবেদন করছে, তাহলে দেখে শুনে দু-একজনকে কেন নাগরিকত্ব দেওয়া হচ্ছে ? এটা কোনও গিমিক নয় তো ?"