ETV Bharat / state

বিশ্বভারতীর পর সোনাঝুরিতেও হচ্ছে না বসন্তোৎসব, কড়া বনবিভাগ

বন বিভাগ জানিয়েছে, জঙ্গলে রং খেলা এবং গাড়ি পার্কিং করা যাবে না ৷ ভিডিয়োগ্রাফি ও ড্রোন ওড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

Basanta Utsav 2025
সোনাঝুরিতে আবির খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল বন দফতর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 3:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 9 মার্চ: দোলের দিন সোনাঝুরি জঙ্গলে আবির খেলা নিষিদ্ধ করল বন দফতর ৷ বিশ্বভারতী আগেই ঘোষণা করেছে দোলের দিন বসন্তোৎসব করবে না ৷

14 মার্চ দোলের দিনের বদলে 11 মার্চ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বসন্তোৎসব হবে। এবার সেই পথে হেটে সোনাঝুরি হাটেও হচ্ছে না দোল উৎসব। আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো বা ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ ৷

বিশ্বভারতীর পর সোনাঝুরিতেও হচ্ছে না বসন্তোৎসব (ইটিভি ভারত)

সোনাঝুরির খোয়াই হাট কমিটির সভাপতি তন্ময় মিত্র বলেন, "বন দফতর নির্দেশ দিয়েছে, জঙ্গলে কোনও রকম আবির খেলা যাবে না ৷ তাই এবার সোনাঝুরিতেও বসন্তোৎসব হচ্ছে না । দোলের দিন প্রচুর ভিড় হয় । যানজট হয়। জঙ্গল নষ্ট হয় । তাই এই সিদ্ধান্ত । তবে হাট খোলা থাকছে ৷ সকলে হাটে আসতে পারবেন ।"

Basanta Utsav 2025
রং খেলা যাবে না সোনাঝুরির জঙ্গলে (নিজস্ব ছবি)

2019 সালে শেষ বার বিশ্বভারতীর আশ্রম মাঠে সর্বসাধারণকে নিয়ে বসন্তোৎসব করেছিল কর্তৃপক্ষ। সেবার অত্যাধিক ভিড়ে নষ্ট হয়েছিল বিশ্বভারতীর বহু জিনিস ৷ ক্যাম্পাসজুড়ে মিলেছিল বস্তা বস্তা মদের বোতল থেকে শুরু করে প্ল্যাস্টিক ৷ ঘটনার সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয় উৎসব । 2021 সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেন ৷

Basanta Utsav 2025
সোনাঝুরিতে হচ্ছে না বসন্তোৎসব (নিজস্ব ছবি)

2023 সালের 17 সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ৷ তারপর থেকে ঐতিহ্যবাহী ক্যাম্পাস এলাকায় বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয় না ৷ এবারও তার অন্যথা হচ্ছে না । 14 মার্চ দোলের দিন বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্তোৎসব করছে না ৷ তার পরিবর্তে 11 মার্চ যে বসন্তোৎসব করছে তাতেও বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না ৷

Basanta Utsav 2025
সোনাঝুরি জঙ্গলে গাড়ি পার্কিংও নিষিদ্ধ করা হয়েছে (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 2024 সালে তৃণমূলের স্থানীয় নেতাদের উদ্যোগে সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব হয়েছিল। অত্যাধিক ভিড় ও যানজটে নাজেহাল হতে হয়েছিল আগত সকলকে ৷ কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল বোলপুর শহর ৷ ধ্বংস হয়েছিল জঙ্গলের পরিবেশ ৷ তাই বন সংরক্ষণ আইন অনুযায়ী এবার সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব নিষিদ্ধ ঘোষণা করা হল ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জঙ্গলে আবির খেলা যাবে না ৷ গাড়ি পার্কিং করা যাবে না, কোনও রকম ভিডিয়োগ্রাফিও করা যাবে না। ওড়ানো যাবে না ড্রোনও ৷ সবমিলিয়ে বিশ্বভারতীর পর দোলের দিন সোনাঝুরিতে হচ্ছে না বসন্তোৎসব । তবে হাট বসবে ৷

Basanta Utsav 2025
সোনাঝুরি জঙ্গল (নিজস্ব ছবি)

বন বিভাগের ডিএফও রাহুল কুমার বলেন, "বন সংরক্ষণ আইন অনুযায়ী সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব হওয়ার কথাই নয় ৷ তাই আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি ৷ জঙ্গল নষ্ট হয় মানুষের ভিড়ে ৷ গাড়িও ঢোকে।" পর্যটকদের মধ্যে দেবস্মিতা রায় ও অনুষ্কা নন্দীদের কথায়, "সোনাঝুরি হাটেও বসন্তোৎসব হচ্ছে না শুনে খারাপ লাগছে ৷ দোলের দিন এর টানে এখানে সবা আসেন ৷ তবে আশা করছি পরেরবার হবে হয়তো ।"