বিকোচ্ছে মহব্বতে শরবত থেকে সুতি কাবাব, রমজানে খাদ্যরসিকদের দখলে জাকারিয়া স্ট্রিট
রমজান মাস মানে ঢুঁ মারতেই হবে জাকারিয়া স্ট্রিটে ৷ খাবারের এলাহি ডালি সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা ৷ ভিড় উপচে পড়ছে খাদ্যরসিকদের ৷

Published : March 19, 2025 at 6:41 PM IST
কলকাতা, 19 মার্চ: কথায় আছে, ধর্ম যার যার উৎসব সবার । তবে জাকারিয়া স্ট্রিটের ভিড় যেন বলছে, ধর্ম যার যার খানাপিনা সবার । তাই তো তাসকিন, দিল্লি 6 থেকে শুরু করে আলবাই, একের পর এক দোকানে শুধুই কালো মাথার ভিড় । কোথাও পড়েছে লম্বা লাইন । কোথাও টেবিল চেয়ারে বসে পছন্দের মোঘল ডিস চেখে দেখতে অধীর অপেক্ষা, তো কোথাও মহব্বতে শরবত হাতে নিয়ে গ্লাসে তৃপ্তির চুমুক দিচ্ছেন কেউ কেউ । এমনই নানা সুস্বাদু খাবারের দোকানে খাদ্যরসিকদের থিকথিকে ভিড়ের ছবি উঠে এল কলকাতার গোটা জাকারিয়া স্ট্রিট চত্বর জুড়ে ।
শুধু কী খাবার, সেখানে দিনে দিনে পাল্লা দিয়ে বেড়েছে জামাকাপড়ের দোকানও । ছোট ছোট অসংখ্য স্টলে দেদার বিক্রি হচ্ছে লুঙ্গি থেকে বোরখা কিংবা পাঞ্জাবি থেকে শাড়ি । সেই দোকানিগুলিতে কেনাকাটা করতে সে কী ভিড় ! অনেকে আবার না কিনলেও উঁকি মেরে একটু দেখে নিচ্ছেন জিনিসপত্র ৷
শতবর্ষ প্রাচীন অ্যাডামসে হাজির হন বরানগরের বাসিন্দা বরুণ সরকার । শুধু তিনি নন, সঙ্গে নিয়ে এসেছেন পরিবারের বেশ কয়েকজন সদস্যকেও । তিনি সাফ জানাচ্ছেন, রমজানে এই পরিবেশে এসে না খেলে সত্যি মনটা অস্বস্তি করে । তাই কাবাবের টানে তিনি হাজির জাকারিয়া স্ট্রিটে । সুতি কাবাব চেখে দেখলেন বরুণ । ইটিভি ভারতের ক্যামেরার সামনে জানালেন, অসাধারণ স্বাদ উপলব্ধির কথাও ।

অন্যদিকে, নাখোদা মসজিদে লেগে আছে ধর্মপ্রাণ মানুষজনের আনাগোনা । গোটা মহল্লা সেজেছে রঙিন আলোর মালায় । সবমিলিয়ে এক উৎসবের ছবি ফুটে উঠেছে । পুজোয় যেমন কলেজ স্কোয়ার বা সন্তোষ মিত্র কিংবা বাগবাজার সর্বজনীনে উপচে পড়ে ভিড়, যেমন বড়দিনে কৌতূহলীরা ভিড় জমান পার্কস্ট্রিটে, তেমনই ঈদ উপলক্ষে কলকাতায় জাকারিয়া স্ট্রিট জমজমাট ।

রমজান মাসে কলকাতার খাদ্যরসিকদের কাছে এক ও অদ্বিতীয় গন্তব্যের নাম জাকারিয়া স্ট্রিট । দিল্লি স্টাইল চিকেন ফ্রাই, মুর্গ চাঙ্গেজি, মাহী আকবরী, পেশোয়ার মুর্গ, আফগানি মুর্গ, দরবারী চিকেন থেকে শাহী টুকরা কেনার জন্য লম্বা লাইন পড়ছে । দূর দূরান্ত থেকে খাদ্যরসিকরা ভিড় জমাচ্ছেন এখানে ৷ অফিস বা কাজের মাঝে এসে চেখে দেখছেন সুস্বাদু খাবারগুলি ৷


খাদ্যরসিক সুস্মিতা ঘোষের কথায়, "ছেলে, দাদা, ভাইকে নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিটে ৷ এবার প্রথম এলাম এখানে । এতদিন অনেক কথা শুনেছি এই জায়গা সম্পর্কে ৷ বিভিন্ন ভিডিয়ো ও ছবি সামাজিক মাধ্যমে দেখেছি জাকারিয়া স্ট্রিটের । তবে এবার নিজে এসে সেই পরিবেশ আবহ পরখ করছি । এটা একটা দারুণ উপলব্ধি । খেয়ে দেখছি নানা ধরনের খাবার । কাবাব অবশ্যই খাব ৷"

হাওড়ার বাসিন্দা সোহেল আকবর বলেন, "এই মাসের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকি । রমজানে এই জাকারিয়া স্ট্রিটে দেখার মতো পরিবেশ । শুধু একটি ধর্মের নয়, নানা ধরনের মানুষ ভিড় করেন এখানে । কেনাকাটা থেকে খাওয়াদাওয়া করেন । উৎসবে মাতেন সকলে । এটা খুব ভালো লাগে আমাদের ।"


জাকারিয়া স্ট্রিটের কাবাব যেমন খুব জনপ্রিয়, তেমনই নজর কাড়ে ও লোক টানে মিষ্টি ৷ দরবেশ লাড্ডু, কুনাফা, ফিরনি, কী পাওয়া যায় না এখানে ! ব্যবসায়ী ওয়াজিদ আলি খান শোনালেন কীভাবে শাহী টুকরা তৈরি করেন ও বিক্রি করেন । এটা একটি সুস্বাদু মিষ্টি । এছাড়াও বহু ধরনের বিরিয়ানি, ফল তো আছেই । আছে সিমুই ও লাচ্ছার দোকানও ।



